বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের অপেক্ষায় থাকা ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে সম্পন্ন করার সুপারিশ করেছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, এমপি; মোছা. তাহসিনা রুশদীর, এমপি; মো. সেলিমুজ্জামান মোল্যা, এমপি; মো. জাহান্দার আলী মিয়া, এমপি; বীথিকা বিনতে হোসাইন, এমপি; মো. মুজিবুর রহমান, এমপি এবং আতিকুর রহমান মোজাহিদ, এমপি অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকের শুরুতে বিগত সভার কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন ও নিশ্চিত করা হয়।
বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সর্বশেষ প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক রেখে প্রবিধান এবং বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধাপ্রাপ্তি সংক্রান্ত অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে তাগিদ প্রদান করা হয়। বৈঠকে হজ্জযাত্রী ও দূরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের প্রাধান্য দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ এবং অর্থপ্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ প্রদানের সুপারিশ করা হয়।
এতে আরও বলা হয়, এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিষয়ে কমিটিকে অবহিত করা হয় এবং চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে মর্মে কমিটিকে অবহিত করা হয়। এনসিটিবি এর সার্বিক কার্যক্রম বিষয়ে কমিটিকে অবহিত করা হয় এবং কমিটি কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
এতে আরও বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিটিকে অবহিত করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক অনুসন্ধান ও তদন্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। এ সময় নন-এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান সম্পর্কে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এবং ১ম থেকে ১২ তম নিবন্ধনকারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএ কর্তৃক গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। কমিটি ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করেছে। এ ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সার্বিক কার্যক্রমের বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে কারিগরি শিক্ষার মানোন্নয়নের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে সিনিয়র শিক্ষা সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবি এবং মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট অধিদফতর এবং বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএইচএইচ/এফএ




