মাদরাসা শিক্ষার স্বকীয়তা রক্ষা, শিক্ষক সংকট নিরসন এবং নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূরীকরণে পাঁচ দফা দাবি জানিয়েছে দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মাদরাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র ধারা। অথচ দীর্ঘদিন ধরে এ খাত বৈষম্য, শিক্ষক সংকট ও প্রশাসনিক জটিলতায় জর্জরিত। বিশেষ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ না হওয়া এবং দাখিল-আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত মাদরাসা শিক্ষার স্বকীয়তা ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এসব সমস্যার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে ‘
মানববন্ধনে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- এনটিআরসিএর নিয়োগপ্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রতা দূর করে যোগ্য ও নিবন্ধিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা; দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা; ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত সব স্তরে শিক্ষক সংকট নিরসনে শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া।
এ ছাড়া দাখিল-আলিম পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত বাতিল করে মাদরাসার স্বতন্ত্র শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নপত্রের ব্যবস্থা করা এবং মাদরাসা শিক্ষার সামগ্রিক উন্নয়ন, বৈষম্য দূরীকরণ ও স্বকীয়তা সংরক্ষণে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়েছে।
মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় অফিস ও সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইমরান হোসাইন, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর উপদেষ্টা মঈনুল ইসলাম, সরকারি মাদরাসা-ই-আলিয়ার আহ্বায়ক আব্দুল আলিম, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ীর আহ্বায়ক তোফায়েল আহমেদ, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার আহ্বায়ক আনাস তানভীর এবং মিসবাহুল উলুম কামিল মাদরাসার আহ্বায়ক সাব্বির খানসহ বিভিন্ন মাদরাসার নেতারা।
মানববন্ধন শেষে সংগঠনের নেতারা পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদরাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমআর/এএম




