রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাদক সমস্যা দূর করতে শিক্ষাপ্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

মাদক সমস্যা দূর করতে শিক্ষাপ্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

সমাজ থেকে মাদক সমস্যা দূর করতে শিক্ষাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ কাজে শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে।’

এ ক্ষেত্রে সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।’

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকার কথাও তুলে ধরেন এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করে শিক্ষা দিতে হবে এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও নিজ উদ্যোগে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীসহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর