সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবিসহ ৩ ঘটনা তদন্তে ঢাবির ৩ কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবিসহ ৩ ঘটনা তদন্তে ঢাবির ৩ কমিটি
ডাকসু সংগ্রহশালায় প্রদর্শিত মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি নষ্ট করেছেন ডাকসুর সাবেক ভিপিপ্রার্থী আবু তৈয়ব হাবিলদার / সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তিনটি পৃথক ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়। তিনটি কমিটিতে মোট ১৬ সদস্য রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত কমিটিগুলো ডাকসুর ‘DU Evaluation’ নামে ওয়েবসাইট চালু, ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্র সংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনা তদন্ত করবে। 

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‘DU Evaluation’ ওয়েবসাইট চালু

ডাকসু কর্তৃক ‘DU Evaluation’ নামে ওয়েবসাইট চালুর বিষয়টি তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (IQAC) পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) কমিটির আহ্বায়ক। সদস্য হিসেবে রয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনা

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনা তদন্তেও পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন)। সদস্য হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর