নাগরিকদের বিভিন্ন সেবার জন্য আলাদা আলাদা পরিচয়পত্রের পরিবর্তে একটি ইউনিক আইডির মাধ্যমে সব সেবা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ও ডিজি ইনফোটেক লিমিটেডের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে ‘ইউএপি ওয়ান কার্ড উদ্বোধন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে বিভিন্ন সেবাকে একটি কার্ডের আওতায় এনে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ চালুর কথা বলেছেন। সরকারের পরিকল্পনা হচ্ছে, একেকটি কাজের জন্য একেক ধরনের পরিচয়পত্র তৈরি না করে একটি ইউনিক আইডির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা দেওয়া।
ইউএপির ‘ওয়ান কার্ড’ উদ্যোগকে এক্ষেত্রে একটি পাইলট প্রকল্প হিসেবে কাজে লাগানোর সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এটি শুধু ক্যাম্পাসভিত্তিক সুবিধায় সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সহজীকরণের একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে। প্রযুক্তির কার্যকর ব্যবহারে নাগরিক সেবা কীভাবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করা যায়, এই উদ্যোগ তার একটি বাস্তব উদাহরণ তৈরি করতে পারে।
ইসমাইল জবিউল্লাহ বলেন, যেকোনো বড় প্রকল্প বাস্তবায়নের আগে পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন। এতে প্রকল্পটি বাস্তবে কীভাবে কাজ করছে, কোথায় প্রতিবন্ধকতা বা ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা সম্ভব হয়। পরে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে বৃহত্তর পরিসরে সেটি বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, ইউএপি ওয়ান কার্ডের মাধ্যমে একটি ভালো উদ্যোগের সূচনা হলো। প্রথমে একটি বিভাগে এর কার্যক্রম চালু করে অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে সম্প্রসারণ করা যেতে পারে। জাতীয় পর্যায়ে ইউনিক আইডি চালুর ক্ষেত্রে এ ধরনের পাইলট প্রকল্পের অভিজ্ঞতাও কাজে লাগতে পারে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার কথা তুলে ধরে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, দেশে উচ্চশিক্ষার সম্প্রসারণে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০০-এর বেশি। শিক্ষা বিস্তারে সরকারের দায়িত্ব পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সহযোগী হিসেবে কাজ করছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের নেওয়া আর্থিক সুবিধার কথাও তুলে ধরেন তিনি। ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে উৎসাহিত করার অঙ্গীকার রয়েছে। এর অংশ হিসেবে গত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক বলেন, ওয়ান কার্ড বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ডিজিটাল সেবা শক্তিশালী করার পাশাপাশি আধুনিক ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ওয়ান কার্ডে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এর ফলে ক্যাম্পাসের দৈনন্দিন কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে।
অনুষ্ঠানে ওয়ান কার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ সেখানে OneID, DGePay, OneCard Vault ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থাসহ ওয়ান কার্ডের বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএইচ/এফএ




