রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এসএসসি পুনর্নিরীক্ষণের আবেদনে রেকর্ড, ফল ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন রেকর্ড ভেঙেছে, ফল ১০ সেপ্টেম্বর
সংগৃহীত ছবি

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর রেকর্ডসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। দেশের ১১ শিক্ষা বোর্ডে মোট চার লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। তারা একাধিক বিষয়ের উত্তরপত্র চ্যালেঞ্জ করায় মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়েছে।

শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। বিপুলসংখ্যক আবেদন পড়ায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত দিনেই ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আমাদের টার্গেট ১০ সেপ্টেম্বর। আশা করি, শিক্ষার্থীরা ওই দিনেই ফল পাবে। যদি কোনো কারণে ফল প্রকাশে দেরি হয়, তাহলে তাদের একাদশে ভর্তির আবেদনেও সময় দেওয়া হবে।

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

বোর্ড সূত্র জানায়, গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন চলে ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে চার লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য আবেদন পড়েছে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি। আর ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারায় পরীক্ষার্থীর তুলনায় মোট আবেদনের সংখ্যা অনেক বেশি হয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার দুই লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর