মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি- সংগৃহীত

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও জানানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে পরীক্ষার ফলাফলও প্রকাশ করতে বলা হয়েছে।

এ ছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হবে।

এদিকে, দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে ওই সময়সূচিতে ধারাবাহিকতা রাখা সম্ভব হয়নি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল।

এরআগে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা বছরের শুরুতেই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতেই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরুর বিষয়টি জানান।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর