বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রকাশের আগেই বৃত্তির ফল অনলাইনে, ডিপিইর প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

প্রকাশের আগেই বৃত্তির ফল অনলাইনে, ডিপিইর প্রকৌশলী বরখাস্ত
ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েস (ফাইল ছবি)

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিক ঘোষণার আগেই ওয়েব পোর্টালে প্রকাশের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। একইসঙ্গে ঘটনার তদন্তও শুরু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষ ফলাফল প্রকাশের অনুমোদন দেওয়ার আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল ওয়েব পোর্টালে আপলোড করা হয়। এ সময় প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ ঘটনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসেবে বিবেচনা করে মো. মেহতাব কায়েসকে ৯ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা (সাবসিসটেন্স অ্যালাউন্স) পাবেন।

গতকাল বৃহস্পতিবার নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল সংশ্লিষ্ট ওয়েব লিংকের মাধ্যমে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ফলাফল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং ফল প্রকাশের গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। 

 

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বুধবার বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ফলাফল লাইভ সার্ভার বা ওয়েব পোর্টালে আপলোড করা যাবে না—এ বিষয়ে তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। লিংকটি সক্রিয় হওয়ার পর সাধারণ ব্যবহারকারী ও অভিভাবকেরা ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে সক্ষম হন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফলাফল সরিয়ে নেওয়া হয়।

এদিকে পুরো ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে দায়িত্বে অবহেলা বা অন্য কোনো অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর