সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদরাসা বোর্ডে সকাল ৯টার মধ্যে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

মাদ্রাসা বোর্ডে সকাল ৯টার মধ্যে উপস্থিতির নির্দেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাধারণ কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা কিংবা নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এক অফিস আদেশে বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান এ নির্দেশনা জারি করেন।

অফিস আদেশে বলা হয়েছে, বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাধারণ কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ ডেস্কে উপস্থিত থাকতে হবে এবং অফিস সময় শেষ হওয়ার পূর্বে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। 

দাফতরিক বা জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যেতে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের অনুমতি নিতে হবে। এছাড়া সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদান করেই কেবল অফিস ত্যাগ করা যাবে।

নির্দেশনাটি শুধু প্রধান কার্যালয়ের জন্য নয়, ঢাকার বাইরে অবস্থিত বোর্ডের আঞ্চলিক কার্যালয়গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্য কোনো ছুটির দিনেও কর্মস্থল ত্যাগের আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

চলমান আলিম পরীক্ষা উপলক্ষে অফিস আদেশে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন দিনগুলোতে বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারীকে সকাল ৮টার মধ্যে নিজ নিজ দফতরে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে।

এছাড়া আলিম পরীক্ষা চলাকালে প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা, প্রশাসন (সংস্থাপন) এবং পরীক্ষা-সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর