শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতির চক্রান্ত বরদাশত করা হবে না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতির চক্রান্ত বরদাশত করা হবে না’

প্রাথমিক বিদ্যালয়ে ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ের আওতায় শিক্ষার্থীদের সংগীত, চারুকলা, নাট্যকলা ও নৃত্যকলা শেখানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১২ জুন) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে নেতারা বলেন, প্রাথমিক শিক্ষায় সরকারের এ উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনাবোধের ওপর হস্তক্ষেপের শামিল। এ সিদ্ধান্তে তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

তাদের ভাষ্য, দক্ষতা উন্নয়নের অজুহাতে প্রাথমিক স্তরে সংগীত, নাট্যকলা, চারুকলা ও নৃত্যকলার মতো বিষয় বাধ্যতামূলক করা মুসলিম সমাজকে নীতিগতভাবে দুর্বল করে দেওয়ার একটি সুদূরপ্রসারী চক্রান্ত। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের করের অর্থে তাদের সন্তানদের ইসলামবিরোধী নাচ-গান শেখানোর উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তারা উল্লেখ করেন।

নেতারা বলেন, দেশে নাটক, থিয়েটার, নৃত্য ও সংগীত শিক্ষার জন্য পৃথক বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এসব বিষয়ে ব্যাপক আগ্রহ থাকলে সেসব প্রতিষ্ঠানে অংশগ্রহণ আরও বেশি দেখা যেত। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ছাড়া এ ধরনের সংস্কৃতি শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগকে দেশের সচেতন মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও তারা দাবি করেন।


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়, দেশের বহু প্রাথমিক বিদ্যালয়ে এখনো ভাষা, গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয় শিক্ষাদানের জন্য পর্যাপ্ত দক্ষ শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামো নেই। এমন বাস্তবতায় শিক্ষার মৌলিক সংকট নিরসনের পরিবর্তে নতুন বিষয় যুক্ত করা এবং তা বাস্তবায়নে বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

নেতৃদ্বয় অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় মূল্যবোধভিত্তিক, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাক্রম প্রণয়নের দাবি জানান। অন্যথায় এ ধরনের বিষয় অন্তর্ভুক্তির যে কোনো উদ্যোগ দেশের ছাত্রসমাজ ও তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও তারা সতর্ক করেন।
 

এমআর/এমআই 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর