ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (একাডেমিক) বা প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী তাকে এ পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এম/এফএ




