মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘সঠিক তথ্যের অভাবে উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১১:১৬ পিএম

শেয়ার করুন:

‘সঠিক তথ্যের অভাবে উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে’

সঠিক তথ্যের অভাবে দেশের উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, ‘আমরা যখন কোনো পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি তখন আমাদের কাছে সঠিক তথ্য বা ডাটা থাকছে না। প্রোপার ইনফরমেশন না থাকায় ভুল ইনফরমেশন দিয়ে, ভুল পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে অনেক উন্নয়ন ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

লাইসেন্সিং, রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেশনের জন্য সহজে সেবা পেতে ‘অ্যা নিউ ফ্যাক্টরি’ শীর্ষক একটি ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ সময় সংকট উত্তরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উদ্যোক্তাদের জন্য কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ দেয় সিপিডি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘২০০৮ সালে যখন নির্বাচন হয়েছিল, তখন থেকে আমরা শুনে আসছি জনসংখ্যা ১৬ কোটি। নেতারা তখন বলতেন আমরা ১৬ কোটি মানুষের জন্য এই করব, সেই করব! আজ পরিসংখ্যান বলছে- ১৬ কোটি ৫৬ লক্ষ জনসংখ্যা! এটা কি বিশ্বাসযোগ্য? ১৪ বছরে কি মাত্র ৫০ লক্ষ্য মানুষ বেড়েছে? এখন সঠিক তথ্য যদি না থাকে আমরা কীভাবে পরিকল্পনা করব? কীভাবে আমরা বাজেট বাস্তবায়ন করব?’

বক্তারা আরও বলেন, ‘আমরা বাজেট করছি ১৬ কোটি মানুষ তেল খাবে ১৬ লক্ষ টন, কিন্তু বাস্তবে যদি ২০ লক্ষ লোক হয় তবে কত তেল দরকার আমার? আমার কাছে তথ্য নাই। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও তাদের সঠিক তথ্য দিতে চায় না। একটা প্রতিষ্ঠানের কাছে জনবল যদি থাকে এক হাজার। তারা কখনো দেখাচ্ছে ৮০০, আবার কখনো বলছে ১৫০০। তারা তাদের সুবিধামতো দেখাচ্ছে। তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, এই তথ্যগুলা সহজে কেউ বলতে চায় না। ইনফরমেশন যদি আমরা না প্রোভাইড করি, টোটাল প্যাকেজ টা নষ্ট হয়ে যাবে।’

ব্যবসায়ী নেতারা বলেন, ‘পৃথিবীর যে কোনো ব্যবসায়ীদের দিকে যদি দেখেন, তারা যেভাবে ব্যবসা করছে বাংলাদেশের ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করতে পারছে না। আমাদের যে কোনো কাজের জন্য একখান থেকে আরেকখানে যেতে তিন-সাড়ে তিন ঘণ্টা লাগে। আমরা ঠিকমতো গ্যাস পাচ্ছি না। আমরা লোন পাচ্ছি কিন্তু কাজে লাগাতে পারছি না। আমাদের লস হয়ে যাচ্ছে।’

বক্তারা অভিযোগ করেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে বাড়ছে তৈরি পোশাকের উৎপাদন ব্যয়। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও পরিবেশের ছাড়পত্র, নকশা অনুমোদনসহ বিভিন্ন কাগজের চাহিদার বাইরে ঘুষ ও দুর্নীতির চাহিদা মেটানো, বাংলাদেশে ব্যবসা শুরুর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের পরিচালনায় অনুষ্ঠানে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ছাড়াও বেশ কয়েকটি সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

টিএই/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর