বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

পায়রা-মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদন, বাড়ল পরামর্শক ব্যয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

পায়রা-মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ অনুমোদন, বাড়ল পরামর্শক ব্যয়
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র।

পায়রা ও মৈত্রী তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য ট্যারিফ কাঠামো ও বিদ্যুতের নির্ধারিত মূল্য অনুমোদন করেছে সরকার। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের পরামর্শক সেবার চুক্তিমূল্য ২১ কোটি ৭২ লাখ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য নির্ধারিত ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭ দশমিক ৯৮৫৮ মার্কিন সেন্ট। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ টাকা ৭৮ পয়সা।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) বাস্তবায়িত এ বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফের মধ্যে প্রতি কিলোওয়াট ঘণ্টায় সক্ষমতা বাবদ ব্যয় ৩ দশমিক ১০৭৮ মার্কিন সেন্ট এবং জ্বালানি ব্যয় ৪ দশমিক ৮৭৮০ মার্কিন সেন্ট নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, বাগেরহাটের রামপালে অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ কেনার ট্যারিফও অনুমোদন করেছে কমিটি। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) বাস্তবায়িত এ কেন্দ্রের প্রাথমিক পরিচালনা শুরুর তারিখ থেকে বাণিজ্যিক পরিচালনা শুরুর তারিখ পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২৮২৮ মার্কিন সেন্ট। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯ টাকা ১১ দশমিক ১১ পয়সা।

বাণিজ্যিক পরিচালনা শুরুর পর এ মূল্য হবে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৮ দশমিক ১৬৪৮ মার্কিন সেন্ট বা ৮ টাকা ৯৮ দশমিক ১৩ পয়সা।

এদিকে, চট্টগ্রাম মহানগর পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের প্রথম পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পে প্রকৌশল পরামর্শক সেবার চুক্তিমূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপস্থাপিত প্রস্তাবে চুক্তিমূল্য ২১ কোটি ৭২ লাখ টাকা বাড়ানো হয়েছে।

প্রকল্পটির পরামর্শক সেবার মূল চুক্তিমূল্য ছিল ৮২ কোটি ৮ লাখ টাকা। এর সঙ্গে নতুন করে ২১ কোটি ৭২ লাখ টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১০৩ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ মূল চুক্তির তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ২৬ দশমিক ৪৫ শতাংশ।

মালয়েশিয়ার ইরিনকো এসডিএন বিএইচডি এবং বাংলাদেশের বিইটিএস কনসালটিং সার্ভিসেস লিমিটেড, ডেভকনসালট্যান্টস লিমিটেড ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের যৌথ উদ্যোগে পরামর্শক সেবার কাজটি দেওয়া হয়েছিল।

এএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর