বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিতে ৩ দিনব্যাপী জাতীয় জ্বালানি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিতে ৩ দিনব্যাপী জাতীয় জ্বালানি সম্মেলন
প্রতীকী কোলাজ: এআই

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে দেশের জ্বালানি নীতি, বিনিয়োগ, প্রযুক্তি ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের পথ খুঁজতে ঢাকায় বসছে বাংলাদেশ এনার্জি কনফারেন্সের চতুর্থ আসর।

আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও জলবায়ুকর্মীরা অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সেমিনারে এসব কথা বলেন বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্য ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) প্রধান নির্বাহী হাসান মেহেদী।

হাসান মেহেদী বলেন, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া জাতীয় জ্বালানি সম্মেলনের ধারাবাহিকতায় এবারের আয়োজন দেশের জ্বালানি নীতি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও প্রযুক্তি, জনগণের অংশগ্রহণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সংলাপের ক্ষেত্র তৈরি করবে।

‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি’ প্রতিপাদ্যে আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হবে। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৫টি সংগঠনের সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে।

আয়োজকেরা জানান, সম্মেলনে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের প্রায় সাড়ে তিন শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এতে নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকার, বেসরকারি বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ, জলবায়ু অধিকারকর্মী ও তরুণ প্রতিনিধিরা থাকবেন।

তিন দিনব্যাপী এ সম্মেলনে একটি উদ্বোধনী অধিবেশন, ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশন এবং সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনগুলোতে দেশের জ্বালানি নিরাপত্তায় নীতিগত সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জ্বালানি রূপান্তরে দেশীয় অর্থায়ন, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি এবং আঞ্চলিক জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে।

এ ছাড়া শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানো, বাংলাদেশের জ্বালানি খাতে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা, জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা গুরুত্ব পাবে।

Virtual-Meeting

রূপান্তরে শ্রমিক, নারী ও আদিবাসীদের অংশগ্রহণের তাগিদ

আয়োজকেরা জানান, জ্বালানি খাতের পরিবর্তন যেন শুধু প্রযুক্তি ও বিনিয়োগকেন্দ্রিক না হয়, সেসব বিষয়েও সম্মেলনে গুরুত্ব দেওয়া হবে। শ্রমিক, আদিবাসী জনগোষ্ঠী ও নারীদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়গুলো আলোচনায় আসবে।

তাদের মতে, জ্বালানি রূপান্তরের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প খাত, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সম্মেলন বিভিন্ন পক্ষের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি কার্যকর নীতিগত সুপারিশ তৈরির সুযোগ সৃষ্টি করবে।

আয়োজকদের প্রত্যাশা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা ও জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করে ২০৫০ সালের মধ্যে শূন্য নিঃসরণভিত্তিক ভবিষ্যতের দিকে বাংলাদেশের অগ্রযাত্রায় সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনের আলোচনা শেষে অংশগ্রহণকারী ও সহ-আয়োজকদের সম্মিলিত লক্ষ্য, অবস্থান ও দাবিগুলো তুলে ধরে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সম্মেলন উপলক্ষে জাতীয় সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র, গবেষণা প্রতিবেদন ও বিভিন্ন গবেষণাপত্র প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২৮৩ জন প্রতিনিধি অংশ নেন। পরবর্তী সময়ে ২০২৪ ও ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলনে অংশ নেন প্রায় সাড়ে সাতশ’ প্রতিনিধি।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর