জ্বালানি খাতে অস্বচ্ছতা, অযৌক্তিক ব্যয়, ক্যাপাসিটি চার্জ ও অতিরিক্ত মুনাফার কাঠামো পরিবর্তন করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে জ্বালানি খাতের অনিয়ম ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জ্বালানি রূপান্তরে জনস্বার্থ: ন্যায্যতা, জবাবদিহি ও আইনি লড়াই’ শীর্ষক নাগরিক সংলাপ ও প্যানেল আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
আলোচনায় মূল প্রবন্ধে বলা হয়, জ্বালানি খাতের সাফল্য শুধু উৎপাদন সক্ষমতা বা নতুন প্রযুক্তির ওপর নির্ভর করে না। জনগণ কতটা সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত জ্বালানি সেবা পাচ্ছে, ব্যয় কতটা যৌক্তিক এবং সিদ্ধান্ত গ্রহণে কতটা স্বচ্ছতা ও জবাবদিহি রয়েছে, তার ওপরই প্রকৃত সাফল্য নির্ভর করে।
ক্যাবের পক্ষ থেকে বলা হয়, দেশের জ্বালানি খাতে অস্বচ্ছতা, অযৌক্তিক ব্যয়, ক্যাপাসিটি চার্জ, সিন্ডিকেট ও অতিরিক্ত মুনাফার মতো কাঠামোগত সমস্যা রয়েছে। প্রতিযোগিতাবিহীন ক্রয়প্রক্রিয়া এবং ২০১০ সালের বিশেষ আইনের মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
প্যানেল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দীন খান বলেন, জ্বালানি রূপান্তরকে শুধু জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার প্রক্রিয়া হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে মালিকানা, বিনিয়োগ, ব্যয়, মুনাফা, ঝুঁকি ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের বিষয়টিও যুক্ত।
ক্যাপাসিটি চার্জের সমালোচনা করে তিনি বলেন, এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ ব্যয়ের সুযোগ তৈরি হয়েছে। আদানির বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তিনি বলেন, আদানির চুক্তিটি একটি ভয়ানক চুক্তি। দুঃখের বিষয়, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
জ্যেষ্ঠ সাংবাদিক ও চরচার সম্পাদক সোহরাব হাসান বলেন, জ্বালানি খাতে জনস্বার্থের দাবি গণআলোচনা থেকে কীভাবে নীতিগত সংস্কারে পৌঁছাবে, তা নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি অবিচার শুরু হয় ১৯৬৩ সালে কাপ্তাই প্রকল্পের মাধ্যমে। ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক ব্যয়, ক্যাপাসিটি চার্জ, অস্বচ্ছ চুক্তি ও অতিরিক্ত মুনাফার কাঠামোগত সমস্যার কথা তুলে ধরে বলেন, আমদানিনির্ভরতা জাতীয় জ্বালানি নিরাপত্তা নিয়ে নানামুখী প্রশ্ন তৈরি করছে। এসব পরিস্থিতি মোকাবিলায় নিজস্ব গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহার এবং দেশীয় সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, জ্বালানি খাতের সংকট শুধু উৎপাদন বা সরবরাহের ঘাটতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে পরিকল্পনা, বিনিয়োগের অগ্রাধিকার, চুক্তির শর্ত, ব্যয় ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির গভীর সম্পর্ক রয়েছে। শুধু নতুন উৎপাদন সক্ষমতা তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। বিদ্যমান ব্যবস্থার ব্যয়, অদক্ষতা ও কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে সংস্কার করতে হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নির্ধারণ, বিনিয়োগের যৌক্তিকতা যাচাই, কোম্পানি ও ভোক্তার স্বার্থের ভারসাম্য রক্ষা এবং গণশুনানির মাধ্যমে জনমত গ্রহণে বিইআরসির কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন। তবে শুধু আইন দিয়ে একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেই হবে না। এর স্বাধীনতা, দক্ষতা, তথ্যপ্রাপ্তি, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এ কারণে বিইআরসির আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বচ্ছ মূল্য নির্ধারণ, কার্যকর গণশুনানি, তথ্যপ্রকাশ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে আসছে ক্যাব।
অধ্যাপক এম শামসুল আলম বলেন, জনস্বার্থবিরোধী আইন, সিদ্ধান্ত ও চুক্তির বিরুদ্ধে আইনি প্রতিকার গ্রহণও ক্যাবের আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, ক্যাব শুধু প্রচলিত ব্যবস্থার সমালোচনা করতে চায় না, বরং একটি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও জনবান্ধব জ্বালানি ব্যবস্থা দেখতে চায়। সেখানে উন্নয়ন ও বিনিয়োগ থাকবে, তবে জনগণের অধিকার উপেক্ষিত হবে না। মুনাফার সুযোগ থাকলেও অযৌক্তিক মুনাফা ও ঝুঁকির বোঝা জনগণের ওপর চাপানো যাবে না।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আমিনুল রসুল ও উন্নয়নকর্মী আবুল কালাম আজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আলোচনায় অংশ নেন। তারা জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং উত্তরণের উপায় নিয়ে মতামত দেন।
সভায় তরুণ প্রজন্মকে শুধু ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বর্তমান সময়ের নীতি প্রণয়ন ও সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জ্বালানি খাতে ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিক সংগঠন, গণমাধ্যম, আইনজীবী, গবেষক ও সচেতন জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এমআর/এফএ




