- মূল্যস্ফীতির চাপে কমেছে শ্রমিকের ক্রয়ক্ষমতা
- মালিক-শ্রমিকের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান
- উৎপাদন ব্যয় বাড়ায় রফতানি ও বিনিয়োগে চাপ
- ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার, বন্ধ হচ্ছে কারখানা
- মজুরি বৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ
তিন বছরের ব্যবধানে আবারও বাড়তে যাচ্ছে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি। মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জোরালো হয়েছে। শুরুতে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানালেও কয়েক দফার আলোচনা এগিয়ে নিতে তা কমিয়ে ২২ হাজার টাকা করেছে শ্রমিকপক্ষ। অন্যদিকে মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড।
মজুরি নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই শিল্পাঞ্চলে বেড়েছে অস্থিরতা। শ্রমিক আন্দোলন, কর্মবিরতি ও ভাঙচুরের ঘটনায় একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাম্প্রতিক জরিপ বলছে, মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। গাজীপুরে নতুন করে দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমন পরিস্থিতিতে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক প্রতিযোগিতা ধরে রাখার কঠিন সমীকরণের মুখে পড়েছে পোশাক খাত। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মালিকদের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মূল্যস্ফীতিতে কমেছে শ্রমিকের ক্রয়ক্ষমতা
দেশে সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। তখন সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। এরপর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৩২ দশমিক ৮২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ২৬ দশমিক ৮৩ শতাংশে পৌঁছেছে।
ফলে তিন বছর আগের নির্ধারিত মজুরি দিয়ে শ্রমিকদের আগের মতো জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও যাতায়াত ব্যয় বৃদ্ধির কারণে প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। মালিকপক্ষও স্বীকার করছে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং তাদের স্বস্তি দিতে মজুরি বাড়ানো প্রয়োজন।
বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমানে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা। এর সঙ্গে ৩ হাজার ৩৫০ টাকা বাড়িভাড়া এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে মোট মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটির অর্থ ও হাজিরা বোনাস যোগ করলে শ্রমিকের আয় বাড়ে। সংগঠনটির হিসাবে, মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইমসহ অন্যান্য সুবিধা যুক্ত করে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের টেক-হোম আয় প্রায় ১৯ হাজার ৫২০ টাকা। সব গ্রেড মিলিয়ে গড় আয় প্রায় ২২ হাজার ৫১ টাকা।
তবে এই হিসাবে ওভারটাইম ও শর্তসাপেক্ষ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ফলে সব শ্রমিকের নিয়মিত ও নিশ্চিত মাসিক আয় হিসেবে এ অঙ্ক বিবেচনা করার সুযোগ নেই।
শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চান ১৫৭০০
নতুন মজুরি নির্ধারণে শ্রমিক সংগঠনগুলো শুরুতে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছিল। তবে মজুরি বোর্ডের আলোচনায় নিজেদের অবস্থানে পরিবর্তন এনে সর্বনিম্ন গ্রেডে ২২ হাজার টাকা প্রস্তাব করেছে তারা। অন্যদিকে মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান। সভায় দুই পক্ষের লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা হলেও ব্যবধান কমেনি।
মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে চারটি গ্রেডে ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি দাবি করেছে।
এর আগে গতকাল সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা চলে। ওই বৈঠকে মালিক পক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ দেখালেও আজকের সভায় তারা ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব উপস্থাপন করে। অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের বৈঠকে তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে যে ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল, আজও তারা সেই অবস্থানেই অটল থাকে।
বোর্ডের সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা এবং পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল। তবে দুই পক্ষের ব্যবধান থাকায় এদিনও চূড়ান্ত সুপারিশে পৌঁছানো সম্ভব হয়নি।
এর আগে ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার, সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এর আগে জানিয়েছিলেন, মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শন করে পাওয়া তথ্য-উপাত্তও বোর্ডের সভায় তুলে ধরা হয়েছে। বিভ্রান্তি ও উত্তেজনা এড়াতে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে প্রস্তাব প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার আগেই জানিয়েছিলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান রয়েছে। প্রয়োজনে মালিকপক্ষকে প্রস্তাব সংশোধন করে আলোচনায় আসতে হবে।
এদিকে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার বলেন, ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ এবং সরকারের দমন-পীড়নের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি কাম্য নয়। মালিকপক্ষকে শ্রমিকদের বেঁচে থাকার মতো মজুরি প্রস্তাব করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মালিকপক্ষকে অনুরোধ করব, তারা যেন শ্রমিকের বেঁচে থাকার মতো মজুরি এবং শ্রমিকপক্ষের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রস্তাব দেয়। একই সঙ্গে শ্রমিকদের দ্রুত উৎপাদনের সঙ্গে যুক্ত করে কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের জীবন ও শিল্পকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
উৎপাদন ব্যয় বাড়ছে, কমছে রফতানির আয়
মজুরি বৃদ্ধির ক্ষেত্রে মালিকপক্ষের অন্যতম যুক্তি উৎপাদন ব্যয় বৃদ্ধি। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে বিদ্যুতের দাম বেড়েছে ৪৩ শতাংশ, ডিজেলের দাম ২৩ দশমিক ৮৫ শতাংশ এবং পরিবহন ব্যয় প্রায় ১৫ শতাংশ। ২০২৫ সালের অক্টোবর থেকে বিভিন্ন বন্দর চার্জ ৪১ শতাংশ বেড়েছে বলেও দাবি করেছে সংগঠনটি। একই সময়ে ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে উঠেছে।
গ্যাস ও বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ, ক্রেতাদের কাছ থেকে বিলম্বে অর্থ পাওয়া এবং কার্যকরী মূলধনের সংকটও কারখানাগুলোর ব্যয় বাড়াচ্ছে। মালিকপক্ষের দাবি, গত তিন বছরে পোশাকশিল্পের গড় উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২ দশমিক ৫৬ শতাংশ।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের পোশাক রফতানি ছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। যদিও চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পোশাক রফতানিতে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধির গতি কমেছে বলে দাবি মালিকপক্ষের।
১৮ দিনে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি
মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি শিল্পাঞ্চলের অস্থিরতা পোশাক খাতের সংকটকে আরও জটিল করেছে। বিজিএমইএর ২২ নভেম্বর প্রকাশিত জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতিতে ৩১৭টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। একই সময়ে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করতে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও কোথাও মূল্যছাড় দিতে হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।
বিজিএমইএর দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়ে বেশি। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে ভাবমূর্তির জন্যও উদ্বেগজনক।
গাজীপুরে আরও দুটি কারখানা বন্ধ
শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির অভিযোগে গাজীপুরে এসরোটেক্স লিমিটেড এবং গ্রীন ফাইবার কম্পোজিট লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এসরোটেক্সের মানবসম্পদ বিভাগের সহ-মহাব্যবস্থাপক রিফাত হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ১০, ১৭ ও ১৮ নভেম্বর কারখানা খোলা হলেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বসে থাকেন। বাইরে থেকে অন্য কারখানার শ্রমিক ও বহিরাগতরা প্রধান ফটকে এসে ঢিল ছোড়া ও ভাঙচুরের চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে। ২২ নভেম্বরও শ্রমিকরা হাজিরা নিশ্চিত করে কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৩ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটির কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে গ্রীন ফাইবার কম্পোজিট কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ৯ ও ১০ নভেম্বর এবং ১৭ ও ১৮ নভেম্বর শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতিতে উৎপাদন ব্যাহত হয়। ২১ নভেম্বর শ্রমিকরা হাজিরা নিশ্চিত করার পর কর্মবিরতি শুরু করে কারখানা ত্যাগ করেন। এ অবস্থায় ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
বিনিয়োগ ও প্রতিযোগিতা সক্ষমতা নিয়েও উদ্বেগ
বিজিএমইএর দেওয়া বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টেক্সটাইল খাতের মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২৫ দশমিক ৭০ শতাংশ এবং গার্মেন্টস খাতে ১৯ দশমিক ৪৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে টেক্সটাইল যন্ত্রপাতি আমদানি আরও ২৯ শতাংশ এবং গার্মেন্টস খাতে ৮ দশমিক ৯০ শতাংশ কমেছে। মালিকদের মতে, বিনিয়োগ কমে গেলে প্রযুক্তির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ সংকুচিত হবে।
বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো বাড়তি ব্যয় বহনে বেশি ঝুঁকিতে রয়েছে। বিজিএমইএর হিসাবে, সদস্য কারখানার প্রায় ৫৭ শতাংশের বার্ষিক রফতানি ১০ মিলিয়ন ডলারের কম। আরও ২১ শতাংশ কারখানার রফতানি ১০ থেকে ২৫ মিলিয়ন ডলারের মধ্যে। অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ কারখানা ছোট ও মাঝারি শ্রেণির।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগ রয়েছে। মালিকপক্ষের তুলনামূলক হিসাবে বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রায় ১০১ ডলার। ভারতে ১১৩, পাকিস্তানে ১৩০, ভিয়েতনামে ১৪১ এবং কম্বোডিয়ায় ২১০ ডলার। তবে শুধু মজুরি নয়, উৎপাদনশীলতা, জ্বালানি, পরিবহন, অবকাঠামো ও সরকারি সহায়তাও প্রতিযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এদিকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখা নিয়েও উদ্বিগ্ন উদ্যোক্তারা। ভিয়েতনাম ও ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের রফতানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
পোশাকশিল্পে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটির বাংলাদেশ কার্যালয় সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। তাদের মতে, মজুরি নির্ধারণে শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতা, উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং শিল্পের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। পুরো প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্তভিত্তিক।
দেশের রফতানি আয়ের প্রায় ৮১ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে সরাসরি কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক, যাদের ৬০ শতাংশই নারী। ফলে মজুরি নির্ধারণের সিদ্ধান্তের প্রভাব শ্রমিক ও মালিকের গণ্ডি ছাড়িয়ে দেশের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা আয় ও সামগ্রিক অর্থনীতিতে পড়বে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় এবং কারখানার উৎপাদন সক্ষমতা যাচাই করে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। পাশাপাশি ছোট ও মাঝারি কারখানার জন্য সহজ অর্থায়ন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং প্রযুক্তি আধুনিকায়নের সুযোগ তৈরি করতে হবে।
মজুরি বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতাকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। শ্রমিকের ন্যায্য আয় নিশ্চিত না হলে অসন্তোষ বাড়বে, আবার শিল্পের বাস্তবতা উপেক্ষা করে সিদ্ধান্ত নিলে কর্মসংস্থান ও রফতানি ঝুঁকিতে পড়তে পারে। তাই মজুরি বোর্ডের সামনে চ্যালেঞ্জ শুধু একটি অঙ্ক নির্ধারণ নয়, বরং শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং দেশের প্রধান রফতানি খাতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার মধ্যে কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠা করা।
এমআর/জেবি




