মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

তিন বা পাঁচ বছর পরপর নয়, স্থায়ী মজুরি কাঠামো চাই: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

তিন বা পাঁচ বছর পরপর নয়, স্থায়ী মজুরি কাঠামো চাই: বিজিএমইএ সভাপতি
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান

তিন বা পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ নিয়ে অস্থিরতা ও বিশৃঙ্খলা এড়াতে পোশাকশ্রমিকদের জন্য স্থায়ী মজুরি কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে মজুরি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় অর্থনীতিবিদ এম এম আকাশ সংশ্লিষ্ট বিষয়ের গবেষণাপত্র প্রকাশ করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, প্রতি তিন বা পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এতে মালিক-শ্রমিকের মধ্যে দূরত্ব বাড়ে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে স্থায়ী একটি মজুরি কাঠামো তৈরি করা প্রয়োজন। প্রতিবছর নির্দিষ্ট তারিখে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মজুরি বাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। এতে একবারে বড় অঙ্কের মজুরি বৃদ্ধির চাপ তৈরি হবে না।

তিনি আরও বলেন, অর্থনীতিবিদ এম এম আকাশের গবেষণাপত্রেও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে মজুরি বৃদ্ধির প্রস্তাব এসেছে। এটি বাস্তবসম্মত একটি প্রস্তাব। এ বিষয়ে মালিকপক্ষও কাজ করার চেষ্টা করেছে। তবে মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতির পাশাপাশি অন্যান্য বিষয়ও বিবেচনায় নিতে হবে।

মজুরি নির্ধারণে শিল্পের সক্ষমতা বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, পোশাকশিল্পের কয়েকটি প্রতিষ্ঠান খুব ভালো করছে। কিন্তু সেগুলোকে পুরো শিল্পের বেঞ্চমার্ক হিসেবে বিবেচনা করা যাবে না। আবার সবচেয়ে দুর্বল কারখানাগুলোকেও একমাত্র মানদণ্ড ধরা ঠিক হবে না। এমন একটি গড় অবস্থান বিবেচনা করতে হবে, যাতে নির্ধারিত মজুরি শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য হয় এবং অধিকাংশ কারখানার পক্ষেও তা বহন করা সম্ভব হয়।

আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের সঙ্গে উৎপাদন ব্যয় ও সক্ষমতার তুলনা করতে হবে। একজন ক্রেতা পোশাক কেনার ক্ষেত্রে মূলত পণ্যের ল্যান্ডেড কস্ট বিবেচনা করেন। সেখানে উৎপাদন খরচের পাশাপাশি পণ্য সরবরাহে কত সময় লাগছে, সেটিও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে একটি পোশাকের চালান সরবরাহে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। একই পণ্য ভিয়েতনাম থেকে কিনলে প্রায় ৩০ দিন কম সময় লাগে। এই সময়ের পার্থক্য অর্থের আবর্তন ও ব্যবসার সক্ষমতার ওপর প্রভাব ফেলে। এ কারণে গভীর সমুদ্রবন্দর, বন্দরের দক্ষতা, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশের উচ্চ অর্থায়ন ব্যয় কমানোর বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

মজুরি বোর্ড প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, বোর্ড গঠনের শুরু থেকেই শ্রমিক প্রতিনিধি নির্বাচনের বিষয়ে পোশাকশিল্পের উদ্যোক্তারা কোনো ধরনের মন্তব্য করেননি। সরকারও প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে মালিকপক্ষের কোনো সমর্থন নেয়নি। এখন পর্যন্ত শ্রমিক প্রতিনিধি নিয়ে গণমাধ্যম, শিল্পমালিক কিংবা শ্রম অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো আপত্তি ওঠেনি।

তিনি আরও বলেন, ১ নভেম্বরের আগে মজুরি নিয়ে আন্দোলনের যৌক্তিকতা থাকলেও মজুরি বোর্ড গঠনের পর আন্দোলনের নামে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। অধিকাংশ শ্রমিকই কাজ করতে চান। যারা শ্রমিকদের জোর করে কারখানা থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে।

BGMEA1

বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ডকে কাজ করার জন্য সময় দিতে হবে। চলতি মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা আবশ্যক। বোর্ডের প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার দায় মালিকপক্ষের ওপর চাপানো সঠিক হবে না।

পোশাকশিল্পে কারখানা বন্ধের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, একসময় বিজিএমইএর সদস্য কারখানার সংখ্যা ছিল ৭ হাজার ২৬৩। বর্তমানে সরাসরি রফতানিতে যুক্ত কারখানার সংখ্যা প্রায় ২ হাজার ২৫০। বাকি প্রায় চার হাজার কারখানার বড় অংশ বন্ধ হয়ে গেছে। কেউ ইচ্ছা করে কারখানা বন্ধ করতে চান না; নানা প্রতিকূলতার কারণে অনেক উদ্যোক্তা বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, পোশাকশিল্পের কোনো একটি অংশের অনিয়ম বা কয়েকজন উদ্যোক্তার কর্মকাণ্ড দিয়ে পুরো খাতকে বিচার করা উচিত নয়। প্রত্যেক খাতেই ভালো ও খারাপ মানুষ রয়েছেন। সাধারণীকরণের কারণে নতুন প্রজন্ম এ শিল্পে আসতে নিরুৎসাহিত হতে পারে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমু বিশ্বাস বলেন, মজুরি বোর্ড গঠন ও শ্রমিক প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিকদের গ্রহণযোগ্য প্রতিনিধি নির্বাচনের বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সরকারকে সহযোগিতা করা হয়েছে।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আরও চারটি হাসপাতালের প্রয়োজনীয়তার বিষয়ও বিবেচনায় রয়েছে।

শ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে শিল্পাঞ্চলের ৬০টি পয়েন্টে শ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। পরবর্তী সময়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ কার্যক্রম নিয়মিত ও সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাড়িভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, আশুলিয়া, কালিয়াকৈর ও গাজীপুরসহ শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আইনগতভাবে বাড়ির মালিকদের কীভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আলোচনায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছানো জরুরি।

এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর