মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৩ বছরের প্রচেষ্টার পর অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হলো দেশের সবচেয়ে বড় ও আলোচিত বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। তবে এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক সূচনা নয়। কয়েক ঘণ্টার জন্য পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক সংযোগ সফল হলে পরবর্তী সময়ে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় কেন্দ্রটি কয়েক ঘণ্টা জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত থাকতে পারে। এ সময় উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি গ্রিডের আচরণ পর্যবেক্ষণ করা হবে। কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটি আবার বন্ধ রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের জন্য কেন্দ্রটি প্রস্তুত। এখন পরীক্ষামূলকভাবে গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে জাতীয় গ্রিডের সক্ষমতা যাচাই করা হচ্ছে। কেন্দ্র চালুর দীর্ঘ কমিশনিং প্রক্রিয়ার এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করা হবে।

পরীক্ষামূলক সংযোগ সফল হওয়ার পরও বাণিজ্যিক উৎপাদন শুরু করতে আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন, নিরাপত্তা যাচাই এবং ধারাবাহিক কারিগরি পরীক্ষা সম্পন্ন করতে হবে। এরপর ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে কয়েক মাস সময় লাগতে পারে। ফলে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও এখনই বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর