মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

প্রায় তিন দশকের সামরিক জীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, সামরিক পরিচালনা ও সাংগঠনিক উন্নয়নে অভিজ্ঞতা অর্জন করেছেন।

সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ, প্রশাসনিক ও কমান্ড দায়িত্ব পালনের পাশাপাশি সেনাসদরেও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।

রংপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী হুমায়ুন কবির ১৯৯২ সালের এসএসসি ও ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করেন। উচ্চশিক্ষায় তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর যোগ্যতা অর্জন করেছেন।

সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের ডিফেন্স একাডেমির অধীন জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন।

এ ছাড়া ২০২১ সালে কানাডার অটোয়ায় সিনিয়র অফিসার্স সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রাম এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অ্যাডভান্সড প্রফেশনাল ম্যানেজমেন্ট স্টাডিজে অংশ নেন।

কর্মজীবনে তিনি জাতিসংঘের অধীনে দুটি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। নেতৃত্ব, সামরিক কার্যক্রমে দক্ষতা ও পেশাগত সততার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিভিন্ন সামরিক সম্মাননাও পেয়েছেন তিনি।

ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাতিষ্ঠানিক পরিচালনা, নেতৃত্ব, আন্তর্জাতিক সম্পৃক্ততা ও তদারকিতে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবিরের অভিজ্ঞতা পরিচালনা পর্ষদের কার্যক্রমকে সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর অভিজ্ঞতা ডিএসইর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বৃদ্ধি এবং অংশীজনদের আস্থা সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

এমআর/এএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর