মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বারকাত
ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সেলিম বারকাত।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে প্রায় চার দশকের অভিজ্ঞ ব্যক্তিত্ব সেলিম বারকাত। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ১১২৭তম বোর্ড সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বৈশ্বিক পুঁজিবাজার, ঋণঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সেলিম বারকাতের। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ কর্মজীবনে দেশীয় ও আঞ্চলিক পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, বৈশ্বিক ঋণ ও কাউন্টার পার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের সদস্য ছিলেন তিনি। পরবর্তী সময়ে সরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকটির সম্পর্ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেসরকারীকরণ বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পরামর্শক কার্যক্রমেও সিটি ব্যাংকের প্রতিনিধিত্ব করেন।

২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপের বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবসায়িক ও ঝুঁকি ব্যবস্থাপনাসংক্রান্ত পদে দায়িত্ব পালন করেন সেলিম বারকাত। এ সময় বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর গ্রাহক গোষ্ঠী এবং বারমুডাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি।

সিনিয়র ক্রেডিট অফিসার ও পোর্টফোলিও ব্যাংকার হিসেবে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক এবং ব্রোকার-ডিলার প্রতিষ্ঠানের পোর্টফোলিও ব্যবস্থাপনা করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস ও ডিপোজিটরির সঙ্গে সিটিগ্রুপের সদস্যপদ এবং সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে উত্তর আমেরিকার বিমা খাতের পোর্টফোলিও পরিচালনার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থায়ন ও একীভূতকরণ-অধিগ্রহণ কার্যক্রমে অংশ নেন।

২০১৯ সালে বাংলাদেশে ফিরে হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দেন তিনি। পরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জেনারেল ম্যানেজারের দায়িত্ব পান। এ দায়িত্বের আওতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপে ব্যাংকটির কার্যক্রম তত্ত্বাবধান করেন।

এইচবিএলে দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে বাংলাদেশে ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রম ধারাবাহিক মুনাফা অর্জন, শক্তিশালী মূলধন ভিত্তি এবং বাজারের অন্যতম কম খেলাপি ঋণের হার বজায় রাখতে সক্ষম হয়। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নীতিপালন ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি লেনদেনভিত্তিক ব্যাংকিং ও ট্রেজারি কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখেন তিনি।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (ফিনএক্সেল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট ও সরকারি সংস্থার জন্য প্রতিষ্ঠানটিকে শীর্ষস্থানীয় কৌশলগত ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ তত্ত্বাবধান করছেন তিনি।

সেলিম বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ এবং লোকপ্রশাসন বিভাগ থেকে সম্মানসহ ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ডিগ্রি অর্জন করেন। তিনি ফিনরা সিরিজ ৭ সনদধারী। এ ছাড়া কর্ন ফেরির লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের রাটগার্স বিজনেস স্কুলে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর