মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

শর্ত পূরণে তাৎক্ষণিক কোম্পানি নিবন্ধন, চালু হচ্ছে নতুন ব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

শর্ত পূরণে তাৎক্ষণিক কোম্পানি নিবন্ধন, চালু হচ্ছে নতুন ব্যবস্থা
আরজেএসসির লোগো

কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করছে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর (আরজেএসসি)। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু হবে। এ ব্যবস্থায় নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করলে তাৎক্ষণিকভাবে কোম্পানি নিবন্ধন করা যাবে। পাশাপাশি নামের ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াও দ্রুত হবে।

নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য আরজেএসসির পুরনো ই-সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টা থেকে আগামী ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত পুরনো ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমা দেওয়ার কার্যক্রম বন্ধ থাকবে।

এতদিন কোম্পানি গঠন ও নিবন্ধনের ক্ষেত্রে নামের ছাড়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র জমা, আবেদন যাচাই এবং নিবন্ধন সনদ পেতে উদ্যোক্তাদের একাধিক ধাপ পার হতে হতো। তথ্যের ঘাটতি বা নথিতে অসংগতি থাকলে প্রক্রিয়া আরও দীর্ঘ হতো। এতে ব্যবসা শুরু করার আগেই উদ্যোক্তাদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হতো। এ জটিলতা কমাতে নামের ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আরজেএসসি।

পরিপত্রে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় নামের ছাড়পত্র ও নিবন্ধনের আবেদন নিষ্পত্তি করা হবে আবেদনকারীর দাখিল করা দলিল ও তথ্যের ধরন অনুযায়ী। সব আবেদন একই প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে না। নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে আবেদন করলে এবং প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই ও এককালীন পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে সম্মতি নিশ্চিত করা হলে আবেদন তাৎক্ষণিক অনুমোদন ও নিবন্ধন পাবে। তবে আবেদনকারী নিজস্বভাবে তৈরি সংঘস্মারক ও সংঘবিধি দাখিল করলে তা আরজেএসসির কর্মকর্তারা যাচাই করে সিদ্ধান্ত দেবেন।

নতুন ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-টিআইএন ও মোবাইল নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে। কোনো ব্যক্তির মোবাইল নম্বর তার নিজের এনআইডিতে নিবন্ধিত না থাকলে তাকে শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। এ ছাড়া নিবাসী শেয়ারহোল্ডার, পরিচালক ও সদস্যদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের স্ক্যান কপি জমা দিতে হবে। সংশ্লিষ্ট সবার সম্মতি ই-মেইলে পাঠানো লিংকের মাধ্যমে ওটিপি দিয়ে নিশ্চিত করতে হবে।

নামের ছাড়পত্রের আবেদন প্রথমে সিস্টেমের মাধ্যমে যাচাই করা হবে। এরপর আরজেএসসির কর্মকর্তারা পুনরায় যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে আবেদন নিষ্পত্তি করবেন। পরবর্তী সময়ে সিস্টেমের অ্যালগরিদম আরও উন্নত হলে নামের ছাড়পত্র দেওয়ার পুরো প্রক্রিয়াও স্বয়ংক্রিয় করা হবে। তখন তাৎক্ষণিকভাবে ছাড়পত্র পাওয়া যাবে।

পুরনো ব্যবস্থায় জমা দেওয়া আবেদনের বিষয়েও পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত যেসব নামের ছাড়পত্র নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর বিপরীতে নিবন্ধনের আবেদন করা হয়নি, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে। এসব ছাড়পত্রের মেয়াদও বহাল থাকবে। এ ছাড়া চলতি বছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া নিবন্ধনের আবেদনও নতুন সিস্টেমে স্থানান্তর করা হবে।

নতুন ব্যবস্থায় নিবন্ধন অনুমোদনের পর ডিজিটাল স্বাক্ষরযুক্ত নিবন্ধন সনদ ও অন্যান্য প্রয়োজনীয় ফরম সংশ্লিষ্ট ব্যক্তিদের ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। আবেদন করা যাবে ebrs.rjsc.gov.bd ওয়েবসাইটে। পাশাপাশি আরজেএসসির নিজস্ব ওয়েবসাইট ও প্রচলিত ই-সেবা ব্যবস্থার মাধ্যমেও নতুন আবেদন করার সুযোগ থাকবে।

টিএই/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর