সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর সড়ক, ফুটপাত আর অলিগলিতে পণ্য নিয়ে ছুটে চলেন হাজারো হকার। কেউ কাপড়, কেউ ফলমূল, বাদাম কিংবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সারাদিনের বেচাকেনা শেষে যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতেই এখন হিমশিম খেতে হচ্ছে তাদের। পণ্য কেনা ও পরিবহন খরচ বেড়েছে, কমেছে বিক্রি ও লাভের পরিমাণ। আগে এক হাজার টাকার পণ্য বিক্রিতে যেখানে ২৫০ থেকে ৩০০ টাকা লাভ থাকত, এখন সেখানে মুনাফা নেমে এসেছে ১৫০ টাকায়। অথচ বাড়িভাড়া, খাবার, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার খরচ বেড়েই চলেছে। ফলে দিনভর পরিশ্রম করেও সংসারে স্বস্তি ফেরাতে পারছেন না ফুটপাতের এসব ক্ষুদ্র ব্যবসায়ী।
হকাররা জানান, জীবিকার তাগিদে প্রতিদিন দীর্ঘ সময় রাস্তায় থাকতে হয় তাদের। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো পুলিশের তাড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হয়। দিনভর হাঁটাহাঁটি ও পরিশ্রমের কারণে রাতে বাসায় ফেরার পর পা, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করেন অনেকে। কারও জ্বর আসে, কেউ অসুস্থ হয়ে পড়েন। কিন্তু চিকিৎসা বা ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই নেই। কারণ, চিকিৎসার পেছনে খরচ করলে সংসারের অন্য প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে। আবার এক দিন কাজে না গেলে বন্ধ থাকে সেদিনের আয়। ফলে অসুস্থতা নিয়েই অনেকে বাধ্য হয়ে রাস্তায় নামেন; প্রয়োজনীয় বিশ্রাম বা চিকিৎসা নেওয়ার সুযোগও পান না।
বিক্রি হলেও মিলছে না আগের মতো লাভ
রাজধানীর সংসদ ভবন এলাকায় কথা হয় সফিউর রহমান নামে এক হকারের সঙ্গে। তিনি পরিবার নিয়ে মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় একটি বস্তিতে টিনশেড বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি ঢাকা মেইলকে বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে পণ্য কিনতে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ইচ্ছামতো দাম বাড়ানো যাচ্ছে না। ফলে বিক্রি হলেও লাভের পরিমাণ কমে যাচ্ছে। সারাদিন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গা ঘুরে যা বিক্রি করি তা দিয়েই সংসার চালাতে হয়।
এই হকার বলেন, সারাদিন রাস্তাঘাটে ঘুরে ঘুরে বিক্রি করে যখন বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই, তীব্র পা ব্যথায় ভুগি। অনেক সময় পাঁয়ে গামছা বেঁধে ঘুমাই। ব্যথায় কাতরানো দেখে কখনো সন্তানদের দিয়ে আবার কখনো স্ত্রীকে দিয়ে পা ম্যাসেজ করাই। কিন্তু কোনো লাভ হয় না। ফার্মেসি থেকে ব্যথা কমার ওষুধও কিনতে পারি না। কারণ, এ স্বল্প আয়ের মধ্যে বাসা ভাড়া, সন্তানদের খরচ এবং খাবার খরচ ঠিকঠাক মতো চলে না। পরিস্থিতির কথা চিন্তা করেই শারীরিক অসুস্থতা নিয়ে প্রতিদিন ঘুমাতে যাই।
>> আরও পড়ুন
সংসদ ভবনের পাশে জিয়া উদ্যান এলাকায় গত পাঁচ বছর ধরে বাদাম বিক্রি করেন তৌহিদ মিয়া। তিনি ঢাকা মেইলকে বলেন, আগে প্রতিদিনের বিক্রি থেকে যে পরিমাণ টাকা হাতে থাকত, তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি কিছু সঞ্চয় করা সম্ভব হতো। এখন সারাদিন পরিশ্রম করে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে সংসার চালাতে হয়। অনেক দিন বিক্রি কম হলে ধারদেনা করে চলতে হয়।
এই হকার আরও বলেন, আমরা কয়েকজন মিলে একটা টিনশেড বাসা ভাড়া নিয়ে থাকি। একেক জনের ভাগে প্রতি মাসে ৬০০ টাকা পড়ে। গরমের সময় অনেক গরম লাগে আবার শীতের সময় শীতে কাঁপুনি চলে আসে। কোনো রকম জীবন বাঁচানোর জন্য বাসায় থাকি। গ্রামে আমার বৃদ্ধ বাবা মা থাকেন। বড় ভাই বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকেন। বাবা মায়ের খবর নেন না। আমি প্রতি মাসে বাবা-মায়ের চিকিৎসা ও বাজার করারের টাকা পাঠিয়ে থাকি। কিন্তু সীমিত আয়ের কখা কখনো বাবা মাকে বলতে পারিনি।
তৌহিদ মিয়া বলেন, 'অনেক সময় দুপুরে না খেয়ে থাকি। একটা কলা আর রুটি খেয়ে দিন কাটিয়ে দিই। আমরা সারাদিন হাঁটাহাঁটি করে শরীর ব্যথা হয়ে যায়। হাসপাতালে গিয়ে একটা নাপা আর গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আর কোনো ওষুধ পাই না।'
তিনি আক্ষেপের সুরে বলেন, ‘আপনারা সংবাদ প্রচার করে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যেখানে মূর্খ শিক্ষিত সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। এতে আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে।’
গুলিস্তান স্টেডিয়াম এলাকার হকার রহিম উদ্দিন মিয়া ঢাকা মেইলকে বলেন, ‘আমি হেঁটে হেঁটে ঘরের আসবাবপত্র বিক্রি করি। যা দিয়ে অনেকে ঘর সাজিয়ে রাখেন। বর্তমান সময়ে পণ্যের দাম বাড়লে ক্রেতারা আগের মতো বেশি দামে পণ্য কিনতে চান না। আবার কম দামে বিক্রি করলে লাভ থাকে না। দুই দিক সামলাতে গিয়ে প্রতিদিনই লোকসানের আশঙ্কায় থাকতে হচ্ছে।’
এই বিক্রেতা বলেন, ‘আমরা সারাদিন সড়কে, বিভিন্ন জনসমাগম এলাকা ও বিভিন্ন দর্শনীয় স্থানে হেঁটে হেঁটে পণ্যগুলো বিক্রি করি। সারাদিন এত কষ্ট করে এসব বিক্রি করলেও এখন আর তেমন লাভ হচ্ছে না। যা আয় হয় তা দিয়েই পরিবারের খরচ, বাচ্চাদের পড়াশোনা ও চিকিৎসা খরচ ব্যয় করতে হয়। এত অল্প আয়ে এসব খরচ মিটানো আমার জন্য কষ্টকর হয়ে যায়। অনেক সময় বিভিন্ন দিবস কিংবা আন্দোলনে আসবাবপত্র বাদ দিয়ে কখনো পানি আবার কখনো বাদাম, পেয়ারা কিংবা আমড়া বিক্রি করি৷ এগুলো বিক্রি করে তুলনামূলক অনেকটা বেশি আয় হয়। এ আয় দিয়েই সংসারের বাড়তি খরচ মিটাতে হয়। কিন্তু এখন আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব কোনোভাবেই মিলাতে পারি না। সবকিছু মিলিয়ে আয়ের মতো এখন আর তেমন ভালো দিন কাটছে না।
অনিশ্চয়তার মধ্যেই চলছে জীবন
হকারদের জীবন শুধু কম আয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফুটপাতের জায়গা নিয়ে অনিশ্চয়তা, উচ্ছেদের ভয় এবং প্রতিদিনের ব্যবসা টিকিয়ে রাখার চ্যালেঞ্জও তাদের মোকাবিলা করতে হয়। কখনো নির্দিষ্ট জায়গায় বসতে না পারা, কখনো পণ্য সরিয়ে নেওয়ার তাগিদ। সব মিলিয়ে তাদের জীবনে স্থায়ী কোনো নিশ্চয়তা নেই।
ফার্মগেট এলাকার হকার ওবায়েদ মিয়া ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই। ব্যবসায় কোনো নিশ্চয়তা নেই। কখনো পুলিশ, কখনো সিটি করপোরেশন কিংবা সংশ্লিষ্টরা এসে দোকান ভেঙে দেয়। আবার কেউ চাঁদার জন্য এসে দোকান তুলে নিয়ে যায়। জীবিকার তাগিদে প্রতিদিন রাস্তায় নামতে হয় আোর। কারণ এই ব্যবসার ওপর নির্ভরশীল আমাদের পরিবারের সদস্যরা। দিন শেষে লাভ কম হোক, শরীরে ব্যথা থাকুক কিংবা অসুস্থতা পরদিন আবারও পণ্য নিয়ে বের হতে হয়।’
ওবায়েদ মিয়া বলেন, ‘আমাদের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, নিরাপদে ব্যবসা করার ব্যবস্থা এবং স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক। আমরা চাই আমাদের পরিশ্রম করে সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করবে সরকার।’
কারওয়ান বাজার এলাকায় রাতে ঘুরে ঘুরে সিগারেট বিক্রি করেন আলতাফ আলম। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন নিত্যদিনের সংসার খরচ। বাড়ি ভাড়া, খাবার, সন্তানের পড়াশোনা, যাতায়াত সবকিছুর ব্যয় মেটানোর পর হাতে তেমন টাকা থাকে না। ফলে নিজেদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়ার মতো অবস্থা নেই।’
তিনি আরও জানান,আমাদের অনেকেই অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য নেই। কেউ ফার্মেসি থেকে ওষুধ কিনে খান, আবার কেউ ব্যথা বা অসুস্থতা নিয়েই কাজ চালিয়ে যান। আমাদের কেউ অসুস্থ হয়ে মারা গেলেও আমরা বুঝতে পারি না আসলে তার কী রোগ হয়েছিল। অনেকে হকার সন্ত্রাসীদের দ্বন্ধে গুলিবিদ্ধ হয়ে আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটছে। কোথায়ও আমাদের কোনো দাম নেই।
হকারদের চুষে খেতে চায় সবাই!
দীর্ঘদিন যাবৎ সামাজিক সংগঠনের নেতৃত্ব দেওয়া ‘অ্যালায়েন্স কমিউনিটি’র আহ্বায়ক পারভেজ হাসান সুমন ঢাকা মেইলকে বলেন, ‘আমার দেখি একটা দল সবসময় চায় সড়ক কিংবা ফুটপাত দখল করে বসা হকারদের নিয়ন্ত্রণ করবে। এ লক্ষ্যে তারা হকারদের থেকে নিয়মিত চাঁদা আদায় করে। আবার এসব হকারকে বর্তমান সময়ে রাজনৈতিক মিছিল মিটিংয়ের কাজে ব্যবহার করতে দেখা যাচ্ছে। কিন্তু কেউ হকারদের পারিবারিক, আর্থিক কিংবা সামাজিক কোনো কাজে এগিয়ে আসে না। সব সময় হকাররা চিকিৎসা সেবা কিংবা বাচ্চাদের পড়াশোনা নিয়ে কখনো সহায়তা পেতে দেখা যায় না।’
সুমন বলেন, ‘যখন কোনো হকার পুলিশের হতে আটক হয় কিংবা আইনি কোনো ঝামেলায় পড়ে, তখন তাদের আশেপাশে কাউকে পাওয়া যা না। উল্টো অনেকে সহায়তার নামে এগিয়ে এসে তাদের থেকে টাকা নিয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করে।’
এই স্বেচ্ছাসেবী বলেন, ‘আমরা চাই, সরকার কর্মসংস্থান হিসেবে হকারদের একটা নিবন্ধনের আওতায় নিয়ে আসবে। মৌলিক চাহিদার পাশাপাশি তাদের সব বিপর্যয়ে সরকার সহায়তা করবে।’
একেএস/জেবি




