রফতানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ক্রেডিট বা রফতানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল পাঁচ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে সাত হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এই স্কিমের আওতায় নতুন ঋণ সুবিধায় গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ছয় শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-১ এর জারি করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিটের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে রফতানি কার্যক্রম অব্যাহত রাখা এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়তায় প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে আরও দুই হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। ফলে এই স্কিমের তহবিল বেড়ে হয়েছে ৭ হাজার কোটি টাকা। একই সঙ্গে ইএফপিএফের অবশিষ্ট তহবিলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার কোটি টাকা।
নতুন ঋণ সুবিধার ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নিতে পারবে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়ার বিপরীতে অংশগ্রহণকারী ব্যাংককে ৩ শতাংশ সুদ দিতে হবে।
পুনঃঅর্থায়নের অর্থ নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিশোধে কোনো ব্যাংক ব্যর্থ হলে, অনাদায়ী সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।
এ ছাড়া পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়া ব্যাংক মেয়াদ শেষ হওয়ার আগেই নেওয়া অর্থের পুরোটা পরিশোধ অথবা আংশিক সমন্বয় করতে পারবে। এক্ষেত্রে আগাম পরিশোধ বা আংশিক সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
টিএই/এফএ




