বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদির। ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলবের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে তাঁর ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। হামলায় স্টুডিওটির বিপুল ক্ষয়ক্ষতি হয়। নিউগিনি প্রপার্টিজের কার্যালয় ও আশপাশের কয়েকটি স্থাপনাতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পুলিশ ও ডিবি এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করেছে। মামলায় অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

‎ইসিবি চত্বরে হামলা-ভাঙচুর-লুটপাট: নেপথ্যে সন্ত্রাসী শাহাদাত বাহিনী

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ সালমান মুক্তাদিরের

হামলার কারণ নিয়ে শুরুতে সালমান মুক্তাদির চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পরে বলেন, প্রাথমিক তদন্তে প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে বিরোধের জেরে হামলার তথ্য পাওয়া গেছে। তার ভাষ্য অনুযায়ী, বিরোধটি একদিকে নিউগিনি প্রপার্টিজ এবং অন্যদিকে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের মধ্যে। ওই জমিতে থাকা বিভিন্ন স্থাপনার মধ্যে সালমানের স্টুডিওও হামলার শিকার হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথাও জানান তিনি।

পুলিশও হামলার পেছনে জমি-সংক্রান্ত বিরোধের কথা বলেছে। ক্যান্টনমেন্ট থানার কর্মকর্তাদের ভাষ্য, নিউগিনি প্রপার্টিজের প্রবেশপথ ও চলাচল নিয়ে বিরোধের জেরে একদল লোক সেখানে হামলা চালায়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে।

হামলার পর সালমান মুক্তাদির স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, তিনি ঘটনার রাতেই ক্যান্টনমেন্ট থানায় মামলা করতে গিয়েছিলেন। তার অভিযোগ, পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি; পরে মামলা গ্রহণ করা হয়। এ নিয়ে তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এদিকে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে বলেন, বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম কনটেন্ট নির্মাতাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর