জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য মুশফিক আজীম খান, সৈয়দা নাসরিন আজীম, মানসুদ আলম, নাজিয়াত আলম, মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম (শহিদুল জাহিদ), মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান, সিএফও ফারুক আহমেদসহ শেয়ারহোল্ডার, বহিঃনিরীক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন শেয়ারহোল্ডার মো. কামরুল ইসলাম। পরে দেশ, জাতি, কোম্পানি, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের কল্যাণ এবং সার্বিক সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন শেয়ারহোল্ডার এ এস এম তৌহিদ।
সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিভিন্ন মতামত দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত জানানো হলে তারা কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামি মূল্যবোধ, প্রযোজ্য আইন-বিধি এবং বীমা খাতের নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক ও প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা নিশ্চিত করা, সেবার মান বাড়ানো, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগীসহ সংশ্লিষ্ট সবার অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সবার সহযোগিতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আরও সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এমআর/এএম




