ব্যাটারি তৈরির প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটি বিক্রয় এবং পণ্য ও কাঁচামাল কেনার তথ্য গোপন করে এই রাজস্ব ফাঁকি দিয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় গত ১৭ সেপ্টেম্বর ঢাকার ধামরাইয়ের নবগ্রামে অবস্থিত Xinlian Electronics Technology Bangladesh Co. Ltd.-এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির বিআইএন নম্বর ০০৭৫৪৫৫৫৯-০৪০৪।
প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত হলেও অভিযানে সেখানে প্রস্তুত করা ব্যাটারি এবং ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জামের পাশাপাশি আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন সরবরাহের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যায়।
অভিযানের সময় প্রাথমিকভাবে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক ১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।
জব্দ করা দলিলাদি পর্যালোচনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এতে ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকা।
এ ছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল ক্রয়ের তথ্য গোপন করার প্রমাণ পাওয়া যায়। এর বিপরীতে ভ্যাট ফাঁকির পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকা।
দুই খাতে প্রতিষ্ঠানটির মোট ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকা।
এনবিআর জানিয়েছে, সরকারি পাওনা আদায়ে আইন ও বিধি অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
এমআর/এএম




