এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন তিনি।
কানাডিয়ান কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চতর পড়াশোনাও করেছেন মাকছুদুর রহমান সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধা তালিকায়ও স্থান অর্জন করেন তিনি।
প্রফেসর মাকছুদুর রহমান সরকার শিক্ষাবিদ, গবেষক ও হিসাববিদ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আর্থিক খাতের এই বিশেষজ্ঞের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৩৫টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস: অ্যা কমপ্যারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস’ গ্রন্থটিও পাঠকমহলে পরিচিতি পেয়েছে।
আর্থিক খাত নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও সভায় অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীনসহ বিশ্বের ২০টির বেশি দেশ সফর করেছেন।
টিএই/এফএ




