করপোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে আইসিএসবির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিএসইসি চেয়ারম্যানকে অবহিত করেন।
এ সময় মাসুদ খান কোম্পানি সেক্রেটারি পেশার উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিএসইসির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের করপোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হবে। পাশাপাশি পেশাগত উন্নয়ন ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় আইসিএসবি যাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সাক্ষাতে আইসিএসবি প্রতিনিধি দলের সদস্যরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান, ট্রেজারার মো. মিজানুর রহমান এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআর/এফএ




