শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

মৌসুমি ফলে সয়লাব ঢাকা, তবু ধরাছোঁয়ার বাইরে নিম্নবিত্তের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

মৌসুমি ফলে সয়লাব ঢাকা, তবুও ধরাছোঁয়ার বাইরে নিম্নবিত্তের

মৌসুমি ফলে বর্তমানে সয়লাব হয়ে গেছে রাজধানীর বিভিন্ন বাজার।  শুধু বাজার নয়, ঢাকার মোড়ে মোড়ে দেখা মিলছে মৌসুমি ফলের সমারোহ।  তবে পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ফলের দাম বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধরন ও মানভেদে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার আমের দাম ১২০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দিনাজপুরের সাধারণ একশ’ লিচুর দাম ৫০০ টাকা, চায়না একশ’ লিচুর দাম ১ হাজার ৪০০ টাকা। ছোট-বড় আকার অনুযায়ী কাঁঠাল বিক্রি হচ্ছে ১০০-৪০০ টাকায়।  জামরুল বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা কেজি দরে।  এ ছাড়া বাজারে আনারস, বেল, লটকনসহ ইত্যাদি ফল রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

ব্যবসায়ীদের ভাষ্যমতে, বাজারে ফলের দাম বৃদ্ধির পেছনে মূল কারণ— অতিরিক্ত পরিবহন খরচ এবং পণ্যের পচনশীলতা।

নিউমার্কেটের ফল ব্যবসায়ী সাজেদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, চলতি মৌসুমে ফলের বাজার কিছুটা চড়া।  বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে ফলের ওপরও।  দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফল পরিবহন করে ঢাকায় আনতে হয়।  আড়ত খরচ, ঘাটতি এবং বিভিন্ন স্তরের আনুষঙ্গিক খরচের কারণে পাইকারি ও খুচরা— উভয় পর্যায়েই দাম বেড়েছে।

ফলের স্থায়িত্ব ও লোকসানের ঝুঁকির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ফল পচনশীল পণ্য, তাই এটি বেশিদিন সংরক্ষণ করা সম্ভব হয় না।  একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য বিক্রি করতে না পারলে তা পচে নষ্ট হয়ে যায়, যা ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানের মুখে ফেলে।


বিজ্ঞাপন


বাজারের এই সংকটের সঙ্গে একমত পোষণ করে আরেক ব্যবসায়ী কাজী জিহাদ হাসান বলেন, ফলের ব্যবসায় বহুমুখী ঝুঁকি রয়েছে।  একদিকে পচনশীল পণ্য হওয়ায় দ্রুত বিক্রির তাগিদ থাকে, অন্যদিকে মূলধন টিকিয়ে রেখে ন্যূনতম লাভ করার চাপ তো আছেই।  এর ওপর চলতি মৌসুমে নতুন করে বেড়েছে পরিবহন খরচ।  পরিবহন ব্যয়ের এই অতিরিক্ত প্রভাব সরাসরি গিয়ে পড়ছে ভোক্তা পর্যায়ে।

ভোক্তা সাধারণের স্বস্তির বিষয়ে তিনি বলেন, আমরা যদি আড়ত বা পাইকারি পর্যায়ে কম দামে ফল কিনতে পারতাম, তবে খুচরা বাজারেও ভোক্তাদের অনেক কম দামে ও সাশ্রয়ী মূল্যে ফল সরবরাহ করা সম্ভব হতো।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর