সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ৮২৫ টাকার এই সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা করার আবেদন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি এলপিজির তুলনায় সরকারি এলপিজির দাম কম হওয়ায় বাজারে ক্রস ফিলিংয়ের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) এ বিষয়ে যোগাযোগ করা হলে রাষ্ট্রীয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে এই আবেদন করা হয়েছে।’

তিনি আরও জানান, বাজারে সরকারি ও বেসরকারি এলপিজির দামের মধ্যে বড় পার্থক্য থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকারি গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে বিক্রি করছে। এতে বাজারে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।


বিজ্ঞাপন


এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। সে সময় ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয় বৃদ্ধি, অপারেশন খরচ ও অন্যান্য চার্জ বৃদ্ধির কারণ দেখানো হয়েছিল।

তবে ওই প্রস্তাবটি নাকচ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি এলপিজির দাম বেসরকারি খাতের কাছাকাছি নিয়ে আসার এই উদ্যোগ সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। তবে বিপিসির পক্ষ থেকে বলা হচ্ছে, দামের বড় পার্থক্যের সুযোগ নিয়ে যেসব অনিয়ম হচ্ছে তা বন্ধ করতেই এই মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর