রাজধানীর মার্কেটগুলোতে দোকানে দোকানে নতুন পণ্যের পসরা। ক্রেতাও রয়েছে বেশ। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ার আগেভাগেই অনেকে কেনাকাটা সেরে ফেলার দিকে নজর দিয়েছেন। ঈদের কেনাকাটায় উপচে ভিড় রয়েছে মার্কেটে, তাতে হাঁটা যেন দায়। সেইসঙ্গে আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে কেনাকাটা করছেন ক্রেতারা।
শুক্রবার (৭ মার্চ) ছুটির দিন হওয়ায় ঢাকার নিউ সুপার মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, চন্দ্রিমা, নূরজাহান সুপার মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টারসহ নানা মার্কেটে উপচে পড়া ভিড় দেখা গেছে।
বিজ্ঞাপন
মার্কেট ঘুরে দেখা গেছে, এবার ঈদ ঘিরে নারীর পোশাকে এসেছে নানা বৈচিত্র । ফারসি সালোয়ার কামিজ, পাকিস্তান-ভারতীয় নকশা ও প্যাটার্নের নানা পোশাক, কুর্তি-সিঙ্গেল কামিজ, টু-পিস, সারারা, ঘারারার দেখা মিলেছে গাউছিয়ার দোকানে দোকানে।
ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের দোকানগুলো ঘুরে দেখা যায় ছেলেদের বৈচিত্র্যময় পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, ব্যাগি-মোবাইল-ডেনিম-ফরমাল প্যান্ট, লাক্সারি ফ্যাব্রিকের ‘জামাই’ প্যান্ট, আলিগড় ও চুড়িদার পায়জামা ইত্যাদি। এ ছাড়া শিশুদের নানা কাট ও নকশার পোশাকও থরে থরে সাজানো রয়েছে দোকানে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ক’দিন ধরে ক্রেতা সমাগম অনেক বেড়েছে। বেড়েছে বিক্রিও। ঈদ উপলক্ষে নানা রঙের আলোয় সাজানো হয়েছে মার্কেটগুলোতে। ক্রেতা আকর্ষণ করতে শোরুমগুলোও ভিন্ন সাজে সাজানো হয়েছে। আধুনিক সব পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।
বিজ্ঞাপন
নূরজাহান মার্কেটের ব্যবসায়ী রুহুল আমিন বলেন, ‘ঈদের বাকি দিনগুলোতে ভিড় আরও বাড়বে। ইফতারের পর রাত পর্যন্ত দোকান খোলা থাকছে। অনেক দোকানেই বিশেষ ছাড় ও অফার দেওয়া হচ্ছে ক্রেতা আকর্ষণে।’
আরেক ব্যবসায়ী নাজমুল হাসান বলেন, ‘ঈদের কেনাবেচা ভালোই চলছে। গতবছরের তুলনায় এবার বিক্রিও বেড়েছে। গত কয়েক দিন ধরে ক্রেতাদের ভিড় রয়েছে এবং ঈদ ঘনিয়ে আসলে বিক্রি কয়েকগুণ বেড়ে যাবে।’
রাজধানীর লালবাগ থেকে পরিবারসহ কেনাকাটা করতে এসেছেন আলতাফ হোসেন। তিনি বলেন, ‘ঈদের সময় মার্কেটে অনেকে ভিড় থাকে। গতবার ঈদের আগে কেনাকাটা করতে এসে খুব ঝামেলায় পড়তে হয়েছিলো। তাই এবার আগেই মার্কেটে এসেছি।’
ডেমরার বাসিন্দা চুমকি ইসলাম বলেন, ‘ভেবেছিলাম এখনো হয়তো ভিড় কম থাকবে। কিন্তু এসে দেখি ঈদের আমেজ শুরু হয়ে গেছে। মানুষের ভিড়ে হাঁটতেই কষ্ট হচ্ছে। তবে এই এলাকায় এক জায়গাতেই প্রায় সবকিছু পাওয়া যায়, তাই ভিড় হলেও এখানেই আসতে হয়।’
তিনি আরও বলেন, ‘আজ ছুটির দিন হওয়ায় ভিড় আরও বেশি। ভেবেছিলাম একটু শান্তভাবে কেনাকাটা করব, কিন্তু এসে দেখি সবাই একই পরিকল্পনা করে এসেছে।’
সব মিলিয়ে নিউমার্কেট এলাকায় ঈদ কেনাকাটার আমেজ তৈরি হয়েছে। সন্ধ্যার পর বাড়তে থাকা ভিড় ও রঙিন পোশাকের সমারোহে জমে উঠেছে রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী নিউমার্কেট এলাকার এই মার্কেটগুলো।
এসএইচ/এমআই

