সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

অভাবের কাছে হার মানেনি সততা, প্রশংসায় ভাসছেন মীর হোসেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

অভাবের কাছে হার মানেনি সততা, প্রশংসায় ভাসছেন মীর হোসেন
১৯ বছর ধরে এই রেস্টুরেন্টে কাজ করছেন মীর হোসেন। ছবি: ঢাকা মেইল

অর্থনৈতিক টানাপোড়েন আর সীমিত সামর্থ্যের মাঝেও সততা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মীর হোসেন (৩৭)। শারীরিক গড়নে মাত্র সাড়ে তিন ফুট লম্বা হলেও তার মনের পরিধি আকাশসম। দীর্ঘ ১৯ বছর ধরে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় কাশবন রেস্টুরেন্টে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তিনি।

সবশেষ গত ২০ নভেম্বর (শুক্রবার) রেস্টুরেন্টে আসা এক অতিথির প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও লকেট কুড়িয়ে পায় মীর হোসেন। এরপর বিন্দুমাত্র দ্বিধা বা গোপনীয়তা না করে তা রেস্টুরেন্টের মালিকপক্ষের কাছে সৎভাবে জমা দেন তিনি।

পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুদ্দিন খন্দকার হারানো স্বর্ণালংকারগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন। সততার এমন দৃষ্টান্তে কাশবনে আসা সকল মানুষের নজরে আসেন মীর হোসেন। ফলে অনেকেই তাকে এক নজর দেখতে ছুটছেন কাশবন রেস্টুরেন্টে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এমন তথ্য জানালেন কাশবন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব। তিনি ঢাকা মেইলকে বলেন, শুধু স্বর্ণের চেইন ও লকেট ফেরত নয়, এর আগেও তিনি একটি স্বর্ণের আংটিসহ অসংখ্য মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ সামগ্রী কুড়িয়ে পেয়ে নিরাপদে সংরক্ষণ করেছেন এবং মালিক ফিরে এলে তা বুঝিয়ে দিয়েছেন।

এমডি মাহবুব আরও বলেন, মীর হোসেনের সততা আমাদের কাছে এক অনন্য উদাহরণ। শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো অনেকেই তাকে কাজে নিতে চাইতেন না, কিন্তু তার সততা ও আদর্শের কাছে সবাই হার মানবে। মীর হোসেনের এই নিষ্ঠা ও সততা এক অনন্য উদাহরণ।

আরও পড়ুন

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে অনুশোচনা, রেলওয়েতে টাকা জমা দিলেন প্রবাসী

বিদ্যালয়ে সততা স্টোর, নেই বিক্রেতা

কাশবন রেস্টুরেন্টের চেয়ারম্যান শামসুদ্দিন খন্দকার বলেন, রেস্টুরেন্টে নানা শ্রেণি-পেশার মানুষ আসেন। গল্প ও আড্ডার ফাঁকে অনেকেই অসাবধান বশত মূল্যবান জিনিসপত্র ফেলে যান। আর সেসব জিনিস হাতে পেলে কোনো ধরনের লোভ-লালসার বশবর্তী না হয়ে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়াই মীর হোসেনের নিয়মিত অভ্যাস।

তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় অবস্থিত কাশবন রেস্টুরেন্ট-এ নিয়মিত যাতায়াত করেন এমন মানুষের কাছে মীর হোসেন বেশ পরিচিত মুখ। রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে আগত অতিথিদের সালাম ও কুশল বিনিময়ের মাধ্যমে আন্তরিকতার সাথে নিজের দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র মতে, মীর হোসেন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মোবারকঘোনা ইউনিয়নের ৩ নম্বর আনন্দবাজার ওয়ার্ডের বাসিন্দা মরহুম কবির আহমদের ছেলে। সংসার জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে কষ্টে দিন যাপন করছেন।

কিন্তু তার সততায় কোনো দিন চিড় ধরেনি। মীর হোসেন যা খুঁজে পায় তা সযত্নে রেখে দেন এবং প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেন। সীমিত আয়ে বড় সংসার সামলে নেওয়া মীর হোসেনের এই নিষ্ঠা ও সততা সমাজের জন্যই এক অনুপ্রেরণা।

মীর হোসেন বলেন, আমার শারীরিক সীমাবদ্ধতা রয়েছে। এরপরও স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে নিয়ে অনেক কষ্টে সংসার সামলাচ্ছি। জীবনে কখনও কোন অর্থ ও সম্পদের লোভ আমাকে গ্রাস করতে পারিনি। আমি সবসময় বুঝেছি, পরের হক আত্মসাৎ করা পাপ। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমি আল্লাহকে ভয় করি।

আইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর