শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে ‘সততা স্টোর’ নামে দোকান চালু করেছে একটি স্কুল কর্তৃপক্ষ। শেরপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর্থিক সহায়তায় আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউটে এই স্টোরের উদ্বোধন করা হয়েছে।
এ দোকানে আলমারিতে রাখা আছে কলম, খাতা, চকলেট, চিপসসহ শিশুদের খাবার পণ্য। এখানে বিক্রেতা নেই। প্রতিটি পণ্যের নির্ধারিত দাম উল্লেখ্য করা আছে। যেকোনো শিক্ষার্থী তার পছন্দমতো পণ্য কিনে ক্যাশে টাকা জমা রাখতে পারবে।
এ দোকানের প্রকৃত বিক্রেতা হলো বিবেক, নৈতিকতা, সততা চরিত্র।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার তারাকান্দি রামপুর এলাকাস্থ ওই বিদ্যালয়ে এ সততা স্টোরের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে কর্মে, চিন্তা, চেতনায় সৎ হতে হবে। এ সততা স্টোরের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা সততার শিক্ষা নেবে, দুর্নীতি প্রতিরোধ করতে শিখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়দুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত কার্যালয়, জামালপুরের উপ-পরিচালক মলয় কুমার সাহা, শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার জাহান তপন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু হানিফ খোকা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সৎ, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে এ প্রজন্মের শিক্ষার্থীদের মানসিকভাবে তৈরি করার লক্ষ্যে এ সততা স্টোর চালু করা হয়েছে। সততা স্টোর সততা চর্চার একটি প্লাটফর্ম শির্ক্ষাথীর জন্য। যা আস্তে আস্তে কোমলমতি শিশুদের সত্যভাবে চলার বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করে তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শরিফুন নাহার শম্পা। ওইসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএ




