সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে অনুশোচনা, রেলওয়েতে টাকা জমা দিলেন প্রবাসী

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে অনুশোচনা, রেলওয়েতে টাকা জমা দিলেন প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়ায় অতীতে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অনুশোচনা থেকে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতে ৫ হাজার টাকা জমা দিয়েছেন সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তার পক্ষে ভাতিজা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে ওই টাকা জমা দেন।

মোহাম্মদ হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন।

জানা গেছে, অতীতে কোনো একসময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন হাবিবুর রহমান। পরে বিষয়টি উপলব্ধি করে নিজের বিবেকের তাড়নায় তিনি রেলওয়ের রাজস্ব খাতে টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তার ভাতিজা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে ৫ হাজার টাকা জমা দেন।

এ ঘটনায় বিকেলে ‘পারাবত-জয়ন্তিকা এক্সপ্রেস ও কালনী-পাহাড়িকা এক্সপ্রেস’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার। হাবিবুর রহমানের এ উদ্যোগকে সততা ও নৈতিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

হারানো মোবাইল উদ্ধারে গিয়ে চোরাই পণ্যের সন্ধান, গ্রেফতার নারী

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার বলেন, অতীতে ভুল করে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করেছিলেন হাবিবুর রহমান। পরে নিজের ভুল উপলব্ধি করে রেলওয়ের রাজস্ব খাতে টাকা জমা দিয়ে দায়মুক্তির উদ্যোগ নেন তিনি। তার পক্ষে ভাতিজা স্টেশনে এসে ৫ হাজার টাকা জমা দেন। এ উদ্যোগে রেল কর্তৃপক্ষ খুশি।

তিনি আরও বলেন, মানুষের প্রকৃত মহত্ত্ব প্রকাশ পায় নিজের ভুল উপলব্ধি করা এবং তা সংশোধনের সাহসের মধ্য দিয়ে। সততা শুধু অন্যের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়ার নাম নয়; নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকাও সততার অংশ। অতীতের কোনো ভুল মনে পড়লে তা সংশোধনের উদ্যোগ নেওয়াই প্রকৃত দায়িত্ববোধের পরিচয়। মোহাম্মদ হাবিবুর রহমানের এ উদ্যোগ প্রশংসনীয়। তার এ পদক্ষেপ অন্যদেরও সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার পথে অনুপ্রাণিত করবে।

কবির হোসেন তালুকদার বলেন, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারীরা যদি এভাবে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতেন, তাহলে রেলওয়ের রাজস্ব আয় বাড়ত এবং দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখত।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর