চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ‘শান্তি পরিবহন’ বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ফেনী জেলার সোনাগাজী থানার ৩ নং মঙ্গল কান্দি ইউনিয়নের সালাহউদ্দিন আকবর (৪৪) ও ফেনী সদর থানার ৫ নং কাজীরবাগ ইউনিয়নের ইবনে জাহিদ (৩৪)। এসময় তাদের কাছ থেকে ১টি জাপানি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদে জানা যায় ১টি বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহন নামে একটি বাসে করে ঢাকায় যাচ্ছে অস্ত্র চোরাকারবারের উদ্দেশে। খবর পেয়ে পুলিশের একটি টিম বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ওই বাসে অভিযান চালায়। এ সময় যাত্রীবেশে থাকা সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেফতাররা খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ঢাকায় যাওয়ার জন্য শান্তি পরিবহন বাসের টিকেট কাটে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এলএ




