শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

সৌদি আরব থেকে ফিরে কমলা চাষে সফল শিবচরের রাসেল

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

সৌদি আরব থেকে ফিরে কমলা চাষে সফল শিবচরের রাসেল
কমলা বাগানে রাসেল হোসেন খান।

একসময় জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। প্রবাসের কর্মব্যস্ত জীবন পেছনে ফেলে দেশে ফিরে শুরু করেছিলেন চাকরি। তবে কৃষির প্রতি ভালোবাসা আর নিজের কিছু করার স্বপ্ন তাকে বারবার টেনেছে গ্রামের মাটিতে। সেই স্বপ্ন থেকেই মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর গ্রামে গড়ে তুলেছেন ফলের বাগান।

জানা যায়, কৃষক বাবার কাছ থেকেই কৃষিকাজের প্রতি আগ্রহ তৈরি হয় রাসেল হোসেন খানের। ছয় বছর আগে শুরু করেন কমলা চাষ। আট বিঘা জমির মধ্যে দেড় বিঘা জায়গায় প্রথমে রোপণ করেন চায়না থ্রি জাতের ৬০টি কমলার চারা। সময়ের ব্যবধানে সেই চারাগুলো এখন ফলবান গাছে পরিণত হয়েছে। বর্তমানে তার বাগানে আড়াইশোর বেশি কমলাগাছ রয়েছে। প্রতিটি গাছে ২৫ থেকে ৩০ কেজি কমলা ধরেছে। গাছের ডালে ডালে ঝুলছে ছোট আকৃতির টক-মিষ্টি স্বাদের কমলা। বাগানে পা রাখলেই পাওয়া যায় পাকা ফলের ঘ্রাণ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাগান আরও বড় করার আশা রাসেলের।

45705232-54a3-45f1-87b6-d1a4494da5d4

সরেজমিনে দেখা যায়, বাগানে উৎপাদিত কমলা স্থানীয় বাজারে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাজা ফল সংগ্রহের আশায় অনেক ক্রেতাই সরাসরি বাগানে আসছেন। শিবচরেই বিক্রি হয়ে যাচ্ছে উৎপাদিত অধিকাংশ কমলা। রাসেলের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ফলে স্থানীয়দের কাছে বাগানটি আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। বাগানের সৌন্দর্য দেখতে শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ আসছেন। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ ফলের স্বাদ নিচ্ছেন, আবার কেউ ক্যামেরায় বন্দী করছেন বাগানের দৃশ্য। দর্শনার্থীরাও বাগান ঘুরে সন্তুষ্টি প্রকাশ করছেন।

d8d98fee-71d3-467a-8f0c-26009d9cf2b2

স্থানীয়রা জানান, বাগানের প্রতিটি ফলের সঙ্গে মিশে আছে পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন পূরণের গল্প। রাসেল প্রমাণ করেছেন, ইচ্ছা ও উদ্যোগ থাকলে নিজের মাটিতেই গড়ে তোলা যায় সাফল্যের ক্ষেত্র। যে জমি একসময় অনাবাদি পড়ে ছিল, সেখানে এখন ফলছে কমলা। তার এই উদ্যোগ দেখে অন্য কৃষকেরাও কমলা চাষে আগ্রহী হচ্ছেন।

73e016e8-7465-4092-8f0b-33a557ddd0c4

দর্শনার্থী প্রিয়া কুন্ডু বলেন, ‘ফেসবুকে কমলার বাগানের ভিডিও দেখে বান্ধবীর সঙ্গে এখানে ছুটে এসেছি। এসে সত্যিই খুব ভালো লেগেছে। জায়গাটি বেশ চমৎকার।’

10fa7fee-eb7e-48a7-8943-9ebdc9344fd6

আরেক দর্শনার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘দেশের মাটিতে এত সুন্দর কমলার বাগান করা যায়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। সত্যিই অসাধারণ।’

স্কুলশিক্ষক রবিউল ইসলাম আওলাদ বলেন, ‘পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। দুপুর গড়িয়ে বিকেল, তবু বাড়িতে ফিরতে মন চাইছে না। পছন্দের বাগানটি এখন দর্শনীয় জায়গায় পরিণত হয়েছে।’

33d875f9-7123-47a2-8463-21193083f18d

বাগানের মালিক রাসেল হোসেন খান জানান, কৃষির প্রতি ভালোবাসা থেকেই ফলের বাগান তৈরির উদ্যোগ নেন তিনি। গত দুই বছর ধরে ভালো ফলন পাচ্ছেন। ফলন ভালো হওয়ায় চাহিদাও বেড়েছে। আগামীতে সরকারি সহায়তা পেলে বাগান আরও বড় করার পরিকল্পনা রয়েছে তার।

9bb4a76d-e50d-4341-ae87-9b36308990e7

শিবচরের উপসহকারী কৃষি কর্মকর্তা কমলেন্দু সরকার জানান, সঠিক পরিচর্যা, প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে তরুণ এই উদ্যোক্তার পাশে রয়েছে কৃষি বিভাগ। একই সঙ্গে অন্য কৃষকদের কমলা চাষে আগ্রহী করে তুলতেও কাজ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর