বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নবাব ফয়জুন্নেছার ওয়াকফ সম্পত্তি বেদখলে, অস্তিত্ব সংকটে ঐতিহাসিক বাড়ি

সাকলাইন যোবায়ের, কুমিল্লা
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

নবাব ফয়জুন্নেছার ওয়াকফ সম্পত্তি বেদখলে, অস্তিত্ব সংকটে ঐতিহাসিক বাড়ি

উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ও নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর স্মৃতিবিজড়িত কুমিল্লার লাকসামের পশ্চিমগাঁও নবাববাড়ি এখন অস্তিত্ব সংকটে। জনকল্যাণে তার ওয়াকফ করে যাওয়া বিপুল সম্পত্তির বড় অংশই ভূমিদস্যুদের দখলে চলে গেছে। অন্যদিকে অযত্ন, অবহেলা ও দখলদারদের তৎপরতায় ধ্বংসের মুখে পড়েছে ঐতিহাসিক নবাববাড়ি। পাঁচটি মামলা চলমান থাকার পরও সম্পত্তি রক্ষায় কার্যকর উদ্যোগের অভাব এবং ভূমি অফিসের রেকর্ডপত্র উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রশাসন ও ওয়াকফ কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নবাব ফয়জুন্নেছার ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ও জনকল্যাণমূলক সম্পত্তি এখন হুমকির মুখে।

১৮৩৪ সালে কুমিল্লার লাকসামের পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন নবাব ফয়জুন্নেছা। নারীশিক্ষা, সমাজকল্যাণ ও জনহিতকর নানা কর্মকাণ্ডের জন্য স্মরণীয় এই মহীয়সী নারী জীবদ্দশায় ২৯৭ একর জমি ওয়াকফ করে যান। সংশ্লিষ্টদের দাবি, ওয়াকফ করা সম্পত্তির বড় একটি অংশ দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের দখলে রয়েছে। মোতাওয়াল্লিদের দায়িত্বহীনতা ও ভূমি দখলের নানা কৌশলে এসব সম্পত্তি বেহাত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে পশ্চিমগাঁও এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ওয়াকফ এস্টেট ও জাদুঘর নিয়ে কুমিল্লার জেলা প্রশাসক এবং ওয়াকফ এস্টেট বিবাদী হয়ে পাঁচটি মামলা করেছে, যেগুলো এখনো চলমান। কিন্তু স্থানীয় ভূমি অফিসে মামলার কোনো নথিপত্র সংরক্ষণে নেই। মামলা চলা অবস্থায় সম্পত্তি খারিজ হতে পারে না। কিন্তু স্থানীয় ভূমিদস্যুদের কারণে অনেক সম্পত্তি বেহাতের ঘটনাও ঘটছে।

এলাকাবাসীর ক্ষোভের মুখে সরকার পশ্চিমগাঁও নবাব বাড়িকে প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে গেজেটভুক্ত করে। যার ধারাবাহিকতায় নবাব ফয়জুন্নেছা বাড়িটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৯তম শাখা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। যাতে ২০ ও ১০ টাকা ফি দেওয়ার বিনিময়ে সাধারণ জনগণের জন্য উম্মুক্ত করা হয়।

cumilla-2

আইনগত সব প্রতিবন্ধকতা নিরসনে সর্বশেষ ২০২৪ সালের গত ২৭ মে ঢাকায় জাদুঘর পরিচালনার জন্য বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের তৎকালীন প্রশাসক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক একটি সমঝোতা স্মারক সই করেন। তার আগে ২০২৩ সালের ৬ নভেম্বর অনুষ্ঠানিকভাবে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর উদ্বোধন করা হয়।

তবে জাদুঘর প্রতিষ্ঠার পরও বাড়িটির সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি। দীর্ঘদিন সংস্কার, রক্ষণাবেক্ষণ ও যথাযথ তদারকির অভাবে ঐতিহাসিক স্থাপনাটি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে। বাড়ির অধিকাংশ দরজা-জানালা উধাও হয়ে গেছে। প্রায় ১০ বছর ধরে পূর্ব দিকের প্রবেশপথ বন্ধ করে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি ওয়াকফ এস্টেটের অনেক জমি বেদখল হয়ে গেছে। লুট হয়েছে ঐতিহাসিক ও মূল্যবান নিদর্শন-এমন অভিযোগও করেছেন স্থানীয়রা।

২০১৭ সালে গেজেট ও প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতর লাকসাম পশ্চিমগাওঁয়ের নওয়াব বাড়ি ও এর সংলগ্ন ৪ দশমিক ৫৫ একর জায়গা প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে। কিন্তু বিভিন্ন প্রশাসনিক ও আইনগত জটিলতায় বছরের পর বছর বাড়িটির প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কারকাজ করা সম্ভব হয়নি। বরং এ সময়ে ভূমিদস্যু ও অসাধু মহলের কারসাজি ও অব্যবস্থাপনার কারণে ঐতিহাসিক স্থাপনা ও মূল্যবান নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

২০২৩ সালের ২ জুন ফয়জুন্নেছার বাড়ি পরির্দশন করে জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দেন তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী। ওই বছরের ২০ সেপ্টেম্বর সচিবালয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে প্রত্বতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক পশ্চিমগাঁও নবাব বাড়িতে জাদুঘর প্রতিষ্ঠায় সমঝোতা চুক্তি সই করেন। সর্বশেষ ওয়াকফ প্রশাসনের সঙ্গে জাতীয় জাদুঘরের সমঝোতা স্মারকের মাধ্যমে সকল প্রতিবন্ধকতার অবসান হয়।

cumilla-3

একসময়ের মোতাওয়াল্লি সৈয়দ মাসুদুল হকের ক্ষমতা খর্ব করে নওয়াব ফয়জুন্নেছা ওয়াকফ এস্টেটের সার্বিক তত্ত্বাবধানে জন্য জাদুঘরকে দায়িত্ব দেওয়া হয়।

জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ নবাব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত আরও দুই শতাধিক নিদর্শন সংগ্রহ করেছে। এসব নিদর্শন জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রশাসনের যথাযথ তদারকির অভাবে গেজেটভুক্ত সীমানা ও ওয়াকফ এস্টেটের সম্পত্তি দখলের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ক্ষেত্রে স্থানীয় ভূমি অফিসের দায়িত্বহীনতা ও যথাযথ নজরদারির অভাবকে দায়ী করছেন কেউ কেউ।

স্থানীয়দের অভিযোগ, লাকসাম ভূমি অফিস থেকে পশ্চিমগাঁও মৌজার আরএস খতিয়ানের নথিপত্র উধাও হয়ে গেছে। নবাব ফয়জুন্নেছার ওয়াকফ দলিল অনুযায়ী সম্পত্তির পরিমাণ ও বিবরণ ভূমি অফিসের রেকর্ডে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ওয়াকফ প্রশাসনের পক্ষ থেকেও সম্পত্তি উদ্ধারে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এ সুযোগে ভুয়া বিএস খতিয়ান ব্যবহার করে সরকারি খাস জমি ও ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

cumilla-4

অনুসন্ধানে দেখা যায়, পশ্চিমগাঁও তহশিলের, ২৯৭ পশ্চিমগাঁও মৌজা, ২২৩৬/ ২৪২৭ নং দাগ, ১নং খতিয়ানের, ১৩ শতক খাস জায়গার মালিকানা দাবি করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলী ১১১/৯৬ ইং মামলা করলে কুমিল্লা সহকারী জজ আদালত ১৯/৫/১৯৯৮ তারিখে তা খারিজ করে।

মামলায় হেরেও ছৈয়দ আলী পশ্চিমগাঁও নবাব বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদীর সেতুর পাশে ওই ১৩ শতক খাস জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণ করে হোটেল ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। স্থানীয় তহশিলে উক্ত ১ নং খতিয়ানের রেকর্ডপত্র উধাও।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০২৪ সালের ১২ অক্টোবর নওয়াব ফয়জুন্নেছা জাদুঘরের পরিদর্শন শেষে পূর্বদিকের ছৈয়দ আলী কাজ বন্ধ রাখার নির্দেশ দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। আমির হোসেন নামে আরেক ভূমিদস্যু ৩ তলা একটি অবৈধ ভবনের কাজ এখনও চলমান রেখেছে।

cumilla-5

নওয়াব বাড়ির পশ্চিমপাশে আবুল কালাম নামে আরেকজন ওয়াকফ’র জায়গা নিজের নামে নেওয়ার জন্য সাবরেজিস্ট্রার অফিসে দৌঁড়ঝাঁপ করছেন। ওয়াকফ এস্টেট নওয়াব ফয়জুন্নেছার ২৯৭ একর জায়গা রাহে লিল্লাহ করা হয়েছে কিন্তু এর ভেতর ৭ একর জায়গা দৃশ্যমান থাকলেও বাকি ২৯০ একর জায়গা দখল করেছে বিভিন্ন প্রভাবশালী চক্র। এর মধ্যে আবার দেড় শতক জায়গাও দখল করে নিয়েছে এই চক্র।

নবাব ফয়জুন্নেছা চৌধুরী জাদুঘরের ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, ‘জীবিত থাকতেই নবাব ফয়জুন্নেছা তার সব সম্পত্তি ওয়াকফ করে গেছেন। লাকসামে তার বাসভবনের আশপাশের মোট ৭টি দাগে প্রত্নতত্ত্ব অধিদফতর রাষ্ট্রপতির আদেশক্রমে অধিগ্রহণ করে।’

নগর ইতিহাসবিদ আহসানুল কবির বলেন, ‘নওয়াব ফয়জুন্নেছা যে জনহিতকর কাজগুলো করে গেছেন এগুলো আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। কিন্তু তার সম্পত্তিগুলো বেদখল হয়ে গেলেও রাষ্ট্র কোনো পদক্ষেপ নেননি, যা অত্যন্ত দুঃখজনক। প্রত্নতত্ত্ব বিভাগ নবাব ফয়জুন্নেছা চৌধুরীর ইদানীং যে জায়গা নিয়েছে তা খুব কম। প্রত্নতত্ত্ব বিভাগ নেওয়ার আগেই অনেক সম্পত্তি দখল হয়ে গেছে। দখল হয়ে যাওয়া সম্পত্তিগুলো উদ্ধার করে জনহিতকর কাজে লাগিয়ে সমাজে নবাব ফয়জুন্নেছার অবদান তুলে ধরা উচিত।’

লাকসাম উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, ‘আমি নতুন জয়েন করেছি দুদিন আগে। জেলা প্রশাসক বাদী হয়ে ৫টি মামলা চলমান থাকতে কীভাবে নবাব ফয়জুন্নেছার সম্পত্তি খারিজ হয় এমন প্রশ্ন করলে তিনি বলেন, আপনার কাছে তথ্য ও প্রুভ আছে।’ আছে জানালে তিনি বলেন ‘আমাকে পাঠান আমি ব্যবস্থা নেব।’

cumilla-7

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ‘নওয়াব ফয়জুন্নেছা চৌধুরীর মৃত্যুবার্ষিকী গেছে সেপ্টেম্বর মাসে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাদুঘরের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। এসিল্যান্ড সভাপতি পদে রয়েছেন। আগের এসিল্যান্ড এখনও প্রতিবেদন দেননি। নতুন এসিল্যান্ড জয়েন করেছেন এ সপ্তাহে। যেহেতু এসিল্যান্ড নতুন জয়েন করেছেন তাই একটু সময় লাগবে।’

ইউএনও আরও বলেন, ‘আমি আসলে পুরো জায়গাটা মাপাতে চেয়েছিলাম কিন্তু আমি মাপাতে গিয়ে আমার কাছে মনে হলো ওয়াকফ প্রশাসনের একটু অবহেলা করছে। আসলে আপনারা বিষয়টি জানেন, সম্পত্তি পুরোটা সম্পত্তি ওয়াকফ প্রশাসনের ও প্রত্নতত্ত্ব অধিদফতরের। আমি ওয়াকফ প্রশাসন থেকে নবাব ফয়জুন্নেছা চৌধুরীর জায়গা বেদখল করার জন্য কোনো সহযোগিতা পাইনি।’

cumilla-6

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ওয়াকফ পরিদর্শক মে. সাজ্জাদুর রহমান জানান, ‘আমাদের সবকিছু মোতাওয়াল্লিকেন্দ্রিক হয়ে থাকে। মোতাওয়াল্লি অপসারণ নিয়ে সম্ভবত একটি রিট চলতেছে, এজন্য মনে হয় কাজ আটকে আছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘এ ব্যাপারে আমি এ মুহূর্তে কিছু বলতে পারব না। তবে এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যাবতীয় কাজ পরিচালনার জন্য বলা হয়েছে।’

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর