মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মীর মরদেহ নানাবাড়িতে দাফন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মীর মরদেহ নানাবাড়িতে দাফন
ময়মনসিংহ নগরীতে গণপিটুনিতে নিহত যুবলীগের কর্মী মেহেদী হাসানের (৩১) মরদেহ সিটি করপোরেশন কবরস্থানে দাফন করা হয়।

ময়মনসিংহ নগরীতে গণপিটুনিতে নিহত যুবলীগের কর্মী মেহেদী হাসানের (৩১) মরদেহ নিজেদের বাড়িতে নিয়ে দাফন করতে পারেননি তার স্ত্রী মিম আক্তার। স্বামীর মরদেহ বাড়িতে নিয়ে গেলে পুড়িয়ে দেওয়া হতে পারে, এমন আশঙ্কার কথা জানান তিনি। তবে শেষ পর্যন্ত নানাবাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে ময়মনসিংহ সিটি করপোরেশনের কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নগরের মাসকান্দা এলাকার সিটি করপোরেশন কবরস্থানের মসজিদ গেটে লাশবাহী গাড়ি থেকে মেহেদীর মরদেহ নামানো হয়। পরে বাদ এশা সিটি করপোরেশনের ওই গোরস্থানেই তাকে দাফন করা হয়।

এর আগে, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বামীর মরদেহ বুঝে নেন মিম আক্তার। প্রায় ৩৬ ঘণ্টা মর্গে পড়ে থাকার পর স্বজনদের নিয়ে তিনি মরদেহ গ্রহণ করেন। মিমের ইচ্ছা ছিল, স্বামীর মরদেহ নিজেদের বাড়িতে নিয়ে দাফন করবেন। কিন্তু সেখানে মরদেহ নিয়ে গেলে পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মিম অভিযোগ করেন, স্বামীর বাড়িতে মরদেহ নিয়ে যেতে তাকে বাধা দিচ্ছে পুলিশ। এমনকি সেখানে মরদেহ নিয়ে গেলে পুড়িয়ে ফেলা হতে পারে বলেও তাকে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে তিনি স্বামীর নানার বাড়িতে মরদেহ নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন। তবে শেষ পর্যন্ত সেখানেও মরদেহ নিতে পারেননি। নানার বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে সিটি করপোরেশনের কবরস্থানে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

মিমের স্বামীর নানার বাড়ি নগরের মাসকান্দা এলাকার গণশার মোড়ে। তিনি বলেছিলেন, স্বামীর মরদেহ নিজেদের বাড়িতে নিয়ে দাফন করতে চান। কিন্তু পুলিশ তাকে সেখানে যেতে দিচ্ছে না।
তবে মিমের অভিযোগ অস্বীকার করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি জানান, এ ধরনের কোনো হুমকি বা ঘটনার বিষয়ে তিনি জানেন না। নিহতের পরিবারের সদস্যরা বিকেলেই মরদেহ বুঝে নিয়েছেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর পরিবার যেখানে মরদেহ দাফন করতে চায়, সেখানে নিয়ে যেতে পারবে। মরদেহ নিয়ে গেলে পুড়িয়ে ফেলা হবে, এমন কোনো কথা পুলিশ বলেনি। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন জায়গায় দাফনের পরামর্শ দেওয়া হয়েছিল, যেখানে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা নেই। দাফনের স্থান নির্ধারণে পরিবারের ওপর পুলিশের কোনো বাধ্যবাধকতা নেই।

মেহেদী হাসান (৩১) ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

গত রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেট-সংলগ্ন সড়কে ছুরিকাঘাতে নিহত হন একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। ওই সময় নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের পর রোববার দিবাগত রাত ১টার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন মেহেদীকে পিটিয়ে হত্যা করেন।

পুলিশ জানায়, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

মরদেহ নিতে স্বজনদের সঙ্গে পুলিশ দিনভর যোগাযোগ করলেও ভয়ে প্রথমে কেউ এগিয়ে আসেননি। প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে মেহেদীর স্ত্রী মিম আক্তার, খালা শাহিদা আক্তার, ফুফু হেনা আক্তার, খালাতো ভাই জিসান আহমেদসহ কয়েকজন স্বজন প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মরদেহ গ্রহণ করেন।

মিম আক্তার জানান, তার স্বামীর পরিবারের সঙ্গে সুরুজ জামানের বালুর ব্যবসা নিয়ে বিরোধ ছিল। আওয়ামী লীগের শাসনামলে তার স্বামীর পরিবার বালুর ব্যবসা করত। সরকার পতনের পর ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেন সুরুজ জামান। এ নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তার ধারণা। তার স্বামীকেও পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্বামী হত্যার ঘটনায় মামলা করবেন কি না, জানতে চাইলে মিম বলেন, মামলা করলে তাকে আর থাকতে দেওয়া হবে না। পরিস্থিতি ভালো হলে পরে মামলা করবেন।

এদিকে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। মেহেদীর পরিবার অভিযোগ দিলে মামলা করতে কোনো সমস্যা নেই।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর