ময়মনসিংহে নগরীর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৬ ঘণ্টা পর নিতে এসেছেন তার স্ত্রী মীম আক্তার। ঘটনার পর আতঙ্কে পরিবারের সদস্য ও স্বজনরা কেউ মরদেহ নিতে না আসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল তার মরদেহ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে স্বামীর মরদেহ গ্রহণের প্রক্রিয়া শুরু করেন মীম আক্তার। হাসপাতালের মর্গে কর্তব্যরত পুলিশ সদস্য আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মুজিব মার্কেট এলাকায় ছুরিকাঘাতে নিহত হন নগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান। এ ঘটনার পরদিন সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হন মেহেদী হাসান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুরুজ জামানের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেলেও আতঙ্কের কারণে মেহেদী হাসানের মরদেহ নিতে আসেননি তার পরিবারের সদস্য কিংবা আত্মীয়-স্বজন। ফলে প্রায় ৩৬ ঘণ্টা হাসপাতালের মর্গে পড়েছিল তার মরদেহ। অবশেষে মঙ্গলবার দুপুরে স্বামীর মরদেহ নিতে হাসপাতালে আসেন স্ত্রী মীম আক্তার।
কান্নাজড়িত কণ্ঠে মীম আক্তার বলেন, ‘আমার তো সব শেষ হয়ে গেছে। আমি শুধু স্বামীর মরদেহ দাফন-কাফন করে একমুঠো মাটি দিতে চাই। আমার একটি ছোট মেয়ে আছে। তাকে নিয়ে বাঁচতে চাই। ’
তিনি বলেন, ‘আমাদের আত্মীয়স্বজন কেউই মরদেহ নিতে আসেননি। সবাই ভয়ে পালিয়ে আছেন। তাই ৩৬ ঘণ্টা পর আমি নিজেই স্বামীর মরদেহ নিতে এসেছি। আমার সঙ্গে কোনো পুরুষ আসেননি। কয়েকজন নারীকে নিয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ির তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার সব লুট করে নিয়ে গেছে। এখন শুধু স্বামীর মরদেহটি দাফন করে কবর দিতে চাই। অন্তত শেষবারের মতো তার মুখটা দেখে সম্মানের সঙ্গে দাফন করতে চাই।’
আরও পড়ুন:
ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন
ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহে শিশু কন্যাসহ ফেরার পথে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
মীম আক্তার বলেন, ‘আমরা ভয়ে ছিলাম। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, আর আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করতেন। এ কারণে তারা বিভিন্ন সময় হুমকি দিয়েছিলেন। এমনকি আমার স্বামীর মরদেহ এই মাটিতে দাফন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল। এসব ভয়ে পরিবারের কেউ আগে মরদেহ নিতে আসার সাহস পাননি। তাই ৩৬ ঘণ্টা পর নিজেই স্বামীর মরদেহ নিতে এসেছি।’
মীম আক্তারের সঙ্গে আসা এক নারী নাম না প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আমরা ভয়ে এসেছি। শুনেছি, মেহেদীর মরদেহ কবর দিতে দেওয়া হবে না। তাই মরদেহ নিয়ে হাসপাতালেই অপেক্ষা করছি। পুলিশ সঙ্গে গেলে আমরা মরদেহ নিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘মেহেদী হাসান পাশের একটি বাড়িতে পালিয়ে গিয়ে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তাকে ধরে এনে মারধর করা হয়। যা হওয়ার, তা তো হয়েই গেছে। দুই পক্ষেরই দুজন মারা গেছেন। এক পক্ষের মরদেহ দাফন করা হয়েছে। আমরা চাই, মেহেদী হাসানের মরদেহটিও যেন সম্মানের সঙ্গে দাফন করতে পারি।’
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন (প্রশাসন ও অর্থ) বলেন, নিহত ব্যক্তির মরদেহ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার স্ত্রী মরদেহ নিতে এসেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফন নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। পরিবার মরদেহ দাফন করতে পারবে। এ ক্ষেত্রে কোনো বাধা নেই।’
প্রতিনিধি/এএম




