শ্রমিক আন্দোলনের সহিংসতায় ঝরে গেল আরও একটি প্রাণ। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হলো না ২২ বছর বয়সী মাদারীপুরের কালকিনির সেলিম হাওলাদারের। পিটিয়ে গুরুতর আহত করা হলে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন জুতা কারখানার এই শ্রমিক।
একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর। অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, যে সন্তানকে ঘিরে ছিল বাবা-মায়ের হাজারো স্বপ্ন, সেই সন্তানের কবরের পাশে এখন শুধুই আহাজারি। অঝড়ে কাঁদছেন মা সেলিনা বেগম। বাবা রহিম হাওলাদার বারবার ছেলের স্মৃতি মনে করে ভেঙে পড়ছেন। সংসারের অভাব ঘোচাতে মাত্র ১৫ হাজার টাকা বেতনে সাভারের ট্রেন্ট সুজ নামে একটি জুতা কারখানায় কাজ শুরু করেন সেলিম। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরের বাসিন্দা রহিম হাওলাদার পরিবার ২০ বছর ধরে থাকেন ঢাকার সাভারের সবুজবাগ এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল ছেলে ছিলেন সেলিম।
জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া দিয়ে সেলিমকে মারধর করা হয়। স্বজনদের অভিযোগ, পোশাক কারখানার অন্য শ্রমিকরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে যুবককে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেলে। অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার ভোরে পৃথিবী থেকে বিদায় নেয় সেলিম।
স্বজনরা জানায়, যে ছেলের আয়ে চলত পুরো সংসার, তার চিকিৎসার ব্যয় মেটাতেই হিমশিম খেতে হয়েছে পরিবারকে। ছেলেকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাবা-মা। আন্দোলনের নামে এমন সহিংসতা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। এদিকে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে গ্রামের বাড়িতে আনা হয় সেলিমের মরদেহ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
নিহত সেলিমের বাবা রহিম হাওলাদার বলেন, ‘আমার ছেলে এভাবে মারা যাবে এই শোক কিছুতেই মেনে নিতে পারছি না। পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি ছিল সেলিম। আমরা এখন কি করে বাঁচবো, আর সংসারই কীভাবে চলবে এটা বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা চাই।’
সেলিমের মা সেলিনা বেগম বলেন, ‘মাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলতো। একদিকে ছেলেকে হারানোর শোক, অন্যদিকে পরিবার নিয়ে এখন দুশ্চিন্তা, সরকার পাশে না দাঁড়ালে এখন বেঁচে থাকতে পারবো না। আর যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের কঠিন বিচার চাই।’
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, ‘শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সেলিম হাওলাদার নিহতের ঘটনায় জেলা প্রশাসন শোকাহত। তার পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’
প্রতিনিধি/এএম




