সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

শেয়ার করুন:

ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা ছিনতাই

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর ও হাত-পা বেঁধে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ সময় সঙ্গে থাকা নগদ ১৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী হাসিনা বেগম (৫২)।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

হাসিনা বেগম উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আবুল কালাম মাদবর।

ভুক্তভোগী হাসিনা বেগম (৫২)
ভুক্তভোগী হাসিনা বেগম (৫২)

অভিযোগ সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা উত্তোলন করে মেয়েকে সঙ্গে নিয়ে ভ্যানেযোগে বাড়ির উদ্দেশে রওনা হন হাসিনা বেগম। পথে ভ্যানে অজ্ঞাতনামা দুই ব্যক্তি ওঠেন। পরে ভ্যানটি কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার মেয়ে ভ্যান থেকে নেমে যান। পরে তিনি বাড়ির দিকে যাওয়ার সময় সাতভাগিয়া মুন্সিবাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে আসা ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ইয়াবা কারবারি বলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে নেন। পরে মাইক্রোবাসটি শিবচরের পাচ্চরের দিকে রওনা দেয়। এ সময় তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলেন। পরে তাকে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন রেলস্টেশনের পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে আলোচনা করে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে লুণ্ঠিত টাকা উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী হাসিনা বেগম।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর