মৌলভীবাজারের কমলগঞ্জে একটি হত্যা মামলায় আপস না করায় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পুরোনো গাড়ি পুড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তাসলিমা আক্তার শিপা।
লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার জানান, গত ২০২৫ সালের ২৬ মে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় আব্দুর রহিমের লোকজন তাদের জমিতে জোরপূর্বক মাটি কাটতে যায়। এ সময় তার স্বামী ও দেবর বাধা দিলে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দেবর জালাল আহমেদকে গুরুতর জখম করে এবং বাধা দিতে গেলে শিক্ষিকা রোজিনা বেগমকে এলোপাতাড়ি হামলা চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত অপর তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নিহতের ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদী অভিযোগ করেন, আসামিরা জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। মামলায় আপস না করায় গত ১২ নভেম্বর গভীর রাতে আসামিপক্ষ নিজেদের একটি পুরোনো গাড়িতে আগুন দিয়ে সেই দায় বাদী ও তার ভাইসহ অন্যদের আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। অথচ ঘটনার রাতে তার স্বামী এলাকা থেকে প্রায় শত কিলোমিটার দূরে অবস্থান করছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধান আসামি রেজাউল করিম সাগর জামিনে থাকলেও গত কয়েক মাস ধরে আদালতে হাজির না হয়ে পলাতক ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিপক্ষের এ ধরনের হীন অপচেষ্টা ও মিথ্যা মামলার ভয়ে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কগ্রস্ত রয়েছেন।
তিনি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বিষয়ে আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগর চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানোর বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সেই বিষয়টি নিশ্চিত করা হবে।
প্রতিনিধি/এফএ




