শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

সবুজ পাতার ফাঁকে সাদা-বেগুনি ফুল, জলাশয়ে প্রকৃতির নান্দনিক রূপ

পুলক পুরকায়স্থ, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

সবুজ পাতার ফাঁকে সাদা-বেগুনি ফুল, জলাশয়ে প্রকৃতির নান্দনিক রূপ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের চণ্ডীপুর এলাকার একটি জলাশয়। ছবি: ঢাকা মেইল

প্রকৃতি কখনো কখনো তার সৌন্দর্য ছড়িয়ে দেয় একেবারেই অবহেলিত অনুষঙ্গে। জলাশয়ের পানিতে ভেসে থাকা কচুরিপানাও তার ব্যতিক্রম নয়। সবুজ পাতার ফাঁকে সাদা, বেগুনি ও হালকা গোলাপি ফুল ফুটিয়ে জলাশয়জুড়ে তৈরি করেছে মুগ্ধকর দৃশ্য। মৌলভীবাজারের বিভিন্ন খাল-বিল ও ডোবায় এখন চোখে পড়ছে প্রকৃতির এমন রঙিন আয়োজন।

উদ্ভিদ বিজ্ঞানীদের তথ্য মতে, কচুরিপানা মুক্তভাবে ভাসমান একধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। দক্ষিণ আমেরিকায় এর আদি নিবাস। চকচকে সবুজ পাতার মাঝখান থেকে লম্বা ডাঁটায় গুচ্ছাকারে ফোটে ছয় পাপড়ির ফুল। দ্রুত বংশবিস্তার করতে সক্ষম এই উদ্ভিদ সাধারণত খাল, বিল, পুকুর ও নিচু জলাশয়ে জন্মে। একসময় জলাশয় দখল করে বেড়ে ওঠা কচুরিপানাই ফুল ফোটার মৌসুমে গ্রামীণ প্রকৃতিতে যোগ করে ভিন্ন মাত্রা।

সম্প্রতি বিকেলে জেলার কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন জলাশয়ে দেখা যায়, পথ দিয়ে যাওয়ার সময় কচুরিপানার ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে থমকে দাঁড়াচ্ছেন অনেকে। কেউ মুঠোফোনে তুলছেন ফুলের ছবি, আবার কেউ ফুলের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করছেন। পথচারীদের কেউ কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির এই বর্ণিল আয়োজন।

পানির ওপর ভাসমান সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা সাদা ও বেগুনি ফুল যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক নান্দনিক ছবি চোখ পড়ে।

জানা গেছে, সৌন্দর্যের পাশাপাশি কচুরিপানার রয়েছে নানা ব্যবহারিক দিক। এটি দিয়ে জৈব সার তৈরি করা হয়। বন্যাপ্রবণ এলাকায় কচুরিপানার ভাসমান স্তর ব্যবহার করে সবজি চাষের প্রচলন রয়েছে। এ ছাড়া শুকিয়ে জ্বালানি এবং গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার করেন অনেকে।

পরিবেশকর্মী সালাউদ্দীন শুভ বলেন, এলাকার প্রায় সব জলাশয়েই এখন কচুরিপানার ফুল ফুটেছে। তবে অতিরিক্ত বংশবিস্তারের কারণে জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও পানির প্রবাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে ধানসহ নিচু ফসলি জমিতে এর বিস্তার নিয়ন্ত্রণ করা জরুরি।

কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, একসঙ্গে এত ফুল ফোটার সৌন্দর্য সত্যিই অন্য রকম। ফুলের পাপড়ির নকশা ও রঙের বৈচিত্র্য সহজেই মানুষকে আকৃষ্ট করে। কচুরিপানার ফুল গ্রামীণ প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম বলেন, দেশে অধিকাংশ আবাদি জমিতে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা হয়। এতে রাসায়নিক সার ব্যবহার হলেও জমিতে প্রয়োজন অনুযায়ী জৈব সার দেওয়া হচ্ছে না। ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ ৫ শতাংশ থাকার কথা থাকলেও বাস্তবে তা ১ শতাংশেরও কম। এ অবস্থায় জলাবদ্ধ এলাকার কচুরিপানা ব্যবহার করে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি এবং মসলা উৎপাদন করা সম্ভব। পচা কচুরিপানা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়বে। এতে পুষ্টির চাহিদা পূরণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই কৃষির প্রসারেও ভূমিকা রাখবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর