রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা, স্বাস্থ্যঝুঁকি

সাকলাইন যোবায়ের, কুমিল্লা
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা, স্বাস্থ্যঝুঁকি

কুমিল্লার বিভিন্ন এলাকায় রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানো হচ্ছে কলা। এসব কলা নগরীর স্টেশন রোডের কয়েকটি আড়ত থেকে সরবরাহ করা হচ্ছে চকবাজার, বাদশা মিয়ার বাজার, নিউমার্কেট, রাজগঞ্জ বাজার, কান্দিরপাড়, ছাতিপট্টি ও শাসনগাছাসহ জেলার বিভিন্ন বাজার ও দোকানে। শুধু জেলা শহরেই নয়, উপজেলার হাটবাজারগুলোতেও অবাধে বিক্রি হচ্ছে রাসায়নিক দিয়ে পাকানো এসব কলা। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ।

চলতি মৌসুমে পাকা কলার চাহিদা বেড়ে যাওয়ায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও আড়তদার দ্রুত কলা পাকাতে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি না থাকায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জেলার বিভিন্ন হাটবাজার ও কলার আড়ত ঘুরে দেখা যায়, কাঁচা কলা দ্রুত পাকাতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। আড়তগুলোতে কলার কাঁদি সাজিয়ে বিশেষ ধরনের রাসায়নিক স্প্রে বা মিশ্রণ প্রয়োগ করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কলা ব্যবসায়ী জানান, বাগান থেকে কাঁচা কলা কেনার পর দ্রুত বাজারে বিক্রির উপযোগী করতে রাসায়নিক ব্যবহার করা হয়। এতে মাত্র এক দিনের মধ্যেই কলার খোসা হলুদ ও নরম হয়ে যায়। এক আড়তদারের কর্মচারী জানান, রাসায়নিক ব্যবহার না করলে কলা স্বাভাবিকভাবে পাকতে সময় লাগে। কিন্তু রাসায়নিক প্রয়োগ করলে এক দিনেই কলা আকর্ষণীয় রং ধারণ করে, ফলে সহজে বিক্রি করা যায়।

8ab6f4fe-837c-4321-a5ac-6177c8c16f3c

তবে এসব কলার বাইরের খোসা আকর্ষণীয় হলুদ হলেও ভেতরের অংশ কাঁচা ও শক্ত থেকে যায় বলে দেখা গেছে।

রাসায়নিক দিয়ে পাকানো এসব কলা উপজেলার প্রধান প্রধান বাজার, ফুটপাত, স্কুল-কলেজের সামনের দোকান ও ভ্যানগাড়িতে বিক্রি হচ্ছে। এমনকি নগরীর বিভিন্ন এলাকা ও গ্রামের বাড়ি বাড়ি গিয়েও এসব কলা বিক্রি করা হচ্ছে। দেখতে আকর্ষণীয় হওয়ায় না জেনেই এসব কলা কিনছেন সাধারণ ক্রেতারা। এতে প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন তারা।

নগরীর কাটাবিল মুন্সিবাড়ী এলাকার বাসিন্দা গোলাম হাসনাঈন নাঈম বলেন, ফলের মধ্যে কলা মানবদেহের জন্য উপকারী একটি খাবার। পরিবারের শিশুদের জন্য প্রায় দু-এক দিন পরপরই কলা কিনতে হয়। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো কলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অনেক সময় তা কিনতে হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ইথিলিন গ্যাস ব্যবহার করে নিয়ম মেনে কলা পাকানো হলে তা মানবদেহের জন্য নিরাপদ। কিন্তু বর্তমানে বাজারে পাওয়া বেশির ভাগ কলা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের রাসায়নিক দিয়ে পাকানো কলা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় এসব রাসায়নিকের ব্যবহার বন্ধে নজরদারি বাড়ানো প্রয়োজন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ স্প্রে করে কলা পাকানো জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। জনস্বার্থ বিবেচনায় সম্প্রতি কুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো কলা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। নগরীর স্টেশন এলাকায় কলা পাকানোর একটি গোডাউনেও অভিযান পরিচালনা করা হয়।

b1837541-6499-4537-acff-d547dc7419cd

তিনি জানান, অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, বিষাক্ত রাসায়নিক ও দাহ্য পদার্থযুক্ত ফলমূল গ্রহণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব ফল খাওয়ার পরপরই বমি ভাব, পেটের সমস্যা ও ডায়রিয়া দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, রাসায়নিকযুক্ত খাবার গ্রহণের ফলে লিভার ও কিডনির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। খাদ্য হজম ও বিপাক প্রক্রিয়ায় এসব সংবেদনশীল অঙ্গ জটিলতায় পড়তে পারে। দীর্ঘমেয়াদে ক্ষতিকর রাসায়নিকযুক্ত খাবার গ্রহণে কিডনি বিকল হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, অচিরেই বাজার মনিটরিং করে রাসায়নিক দিয়ে কলা পাকানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল উপজেলার বিভিন্ন কলার আড়ত ও বাজারে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর