শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
নিহত সাব্বির মোর্শেদ শিশির

জমিজমা নিয়ে বিরোধের জেরে বরিশালের বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান। 

নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ও বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় ড্রামার ছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন। তবে ওই জমি নিয়ে মোরশেদ আলমের দুই ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লা ও যুবদলের সাবেক সদস্য শিশির বাবুর মধ্যে বিরোধ দেখা দেয়।

এর জেরে বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শিশির বাবু আহত হন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আজ সকালে নিহত শিশিরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান শুক্রবার দুপুরে বলেন, দুই ভাইয়ের মধ্যে মারামারি এবং পরে একজনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর