বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে ট্রেনে আগুন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে ট্রেনে আগুন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
ছবি: হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন।

নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীসেবাকর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলাটি করেন।

স্থানীয় লোকজন, রেলওয়ে পুলিশ ও স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের ‘ড’ বগির চারটি আসন পুড়ে যায়।

আগুন দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও যাত্রীসেবাকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।

আরও পড়ুন

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল চারটি আসন

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ফলে ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী ছিলেন না।

স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রেন স্টেশনে প্রবেশের পর থেকেই পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে। এ ছাড়া আরও কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর