নেত্রকোনার মোহনগঞ্জে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও ট্রেন থেকে নেমে বাইরে খাবার খেতে যান। তখন ট্রেনে কেউ ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়।

তিনি আরও বলেন, আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। জায়গাটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। আগুনে ওই বগির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে একটি বগির চারটি আসন পুড়ে গেছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।
তিনি বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




