বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘সুপারি পাড়া’ নিয়ে ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

‘সুপারি পাড়া’ নিয়ে ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই
লালমোহন থানা।

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আব্দুল জলিল (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত সহিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে নিজ বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলকে কিল-ঘুষি মারেন।

এ সময় সুপারি গাছের সঙ্গে তার গলা চেপে ধরারও অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।

খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সহিদকে আটক করে।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আপন ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বড় ভাই সহিদকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর