মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূ-গর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূ-গর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি। ছবি- সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনি ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইজ থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চীনা নাগরিক সিং সিয়াওজুন খনি ভূ-গর্ভের ভেন্টিলেটর সাইডের শ্রমিক ছিলেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টায় খনি ভূ-গর্ভের (১৩০৫) নম্বর ফেইজ (কুপ) এ কাজ করার জন্য নিচে নামে। এরপর কাজ করার এক পর্যায়ে রাত ৩টার পর থেকে তার সাথে যোগাযোগ হচ্ছিল না।

পরে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খনি কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও খনি শ্রমিকরা বলছেন, ‘ভূ-গর্ভে অক্সিজেন স্বল্পতার কারণে’ তার মৃত্যু হতে পারে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর সাদিক বলেন, ‘দৈনন্দিন কাজের অংশ হিসেবে মিস্টার সিং সিয়াওজুন, ২ জন সহকর্মীসহ (স্থানীয় শ্রমিক) ভূ-গর্ভে গ্যাস পরিমাপ করতে যান। স্থানীয় শ্রমিকদের ভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে তিনি নিজে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পার্শ্বে গ্যাস পরিমাপ করতে যান। পরবর্তীতে সহকর্মী স্থানীয় শ্রমিকগণ তাঁকে ভূ-গর্ভের নির্ধারিত স্থানে খুঁজে না পাওয়ায় বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে অবহিত করেন।’

তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টায় তাদের শিফট ডিউটি শেষ হলে সবাই চলে এলেও তিনি না আসায় তার সহকর্মীরা কন্ট্রোলরুমে বিষয়টি জানান। পরে রেসকিউ টিম গিয়ে ১৩০৫ ফেইসের সিল ওয়ালের পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ বিষয়ে কনসোর্টিয়াম চীনে অবস্থিত নিজ দফতর ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। চাইনিজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পার্বতীপুর মডেল থানার (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য আবেদন পাঠানো হচ্ছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর