স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভরদুপুরে নিজ বাড়ির সামনে জাকিয়া সুলতানা (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমন আহাম্মদকে মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইমনের স্থায়ী ঠিকানা পাটিকাবাড়ী। বাবা আব্বাস উদ্দীন এবং বড়ভাই আকাশ দেশের বাইরে চলে যাওয়ার পর থেকে ইমন তার মায়ের সঙ্গে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার একটি বাড়িতে বসবাস শুরু করে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।
ঘটনার পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই তাকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত ছিল।
এর আগে, সোমবার দুপুর দেড়টার দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হন এসএসসি পরিক্ষার্থী জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার কলবেল চেপে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন সে। এসময় পেছন থেকে এসে ধারাল ছুরি দিয়ে তাকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায় ইমন।
ঘটনার পর আহত জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সে ছুরিটি ফেলে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। তার হাতে ও পিঠের বিভিন্ন জায়গায় গভীর জখম হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি জাকিয়া তার বাবা ও মা’কে জানানো এবং উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে জাকিয়ার ওপর হামলা চালায় ইমন।
প্রতিনিধি/এসআই




